Advertisement

Cristiano Ronaldo: প্রথম ম্যাচে তো ফ্লপ, উজবেকিস্তানের বিরুদ্ধে নামবেন রোনাল্ডো? কোচ যা বলছেন...

মেসি ক্রমশই জ্বলে উঠছেন আর রোনাল্ডো ততটাই নিষ্প্রভ। প্রশ্ন উঠছে মঙ্গলবার উজবেকিস্তানের বিরুদ্ধে কি আদৌ মাঠে নামবেন CR7? এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জবাব দিয়েছেন পোর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেস।

Aajtak Bangla
  • হাউস্টন ,
  • 23 Jun 2026,
  • अपडेटेड 6:14 PM IST
  • বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন রোনাল্ডো
  • আদৌ উজবেকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন?
  • জবাব দিলেন কোচ রবার্তো মার্তিনেস

ছাব্বিশের বিশ্বকাপ মেসিময়। প্রথম দুই ম্যাচে ৫ গোল করে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। আর্জেন্টাইন তারকা যখন একদিকে ক্রমশ জ্বলে উঠছেন, তখন নিষ্প্রভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম ম্যাচে ফ্লপ হয়েছেন এই তারকা ফুটবলার। ফলত প্রশ্ন উঠছে মঙ্গলবার উজবেকিস্তানের বিরুদ্ধে কি আদৌ মাঠে নামবেন CR7?

ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়ানোই এখন রোনাল্ডোদের লক্ষ্য। তবে দলের মধ্যে সতীর্থদের সঙ্গে CR7-এর তালমেল না থাকা নিয়ে বিস্তর অভিযোগ উঠছে। হতাশাজনক পারফর্ম্যান্সের পরে সমালোচনার ঝড় বইছে। তাহলে এই ম্যাচে প্রথম একাদশে খেলানো হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে?

স্পষ্ট উত্তর দিলেন না পর্তুগালের হেড কোচ রবার্তো মার্তিনেস। অধিনায়ক মঙ্গলবার প্রথম একাদশে থাকবেন কি না, তা নিয়ে মুখ খোলেননি তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেবল বললেন, 'প্রথম একাদশ নিয়ে এখনই কিছু জানাতে পারব না। প্লেয়ারদের সঙ্গেই এই নিয়ে এখনও আলোচনা করা হয়নি।' পর্তুগালের কোচের এই ধোঁয়াশা রাখায় রোনাল্দোর খেলা নিয়ে জল্পনা বাড়িয়েছে। 

কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচে একাধিকবার সহজ সুযোগ পেয়েও নষ্ট করেন ৪১ বছর বয়সী CR7। এমনকী অভিযোগ উঠেছে, তাঁর এই পারফর্ম্যান্সে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্তুগালের অ্যাটাক।  কেন পুরো ৯০ মিনিট খেলানো হলো রোনাল্ডোকে, এই নিয়েও জবাবদিহি চাওয়া হয় কোচের থেকে। উজবেকিস্তানের বিরুদ্ধে তাই রোনাল্ডোকে শুরু থেকে না-ও দেখা যেতে পারে মাঠে, এমনটাই মনে করছে ফুটবল বিশেষজ্ঞদের একাংশ। 

তবে নিজের স্টার প্লেয়ারকে নিয়ে সমালোচনায় খুব একটা আমল দিতে চান না কোচ রবার্তো মার্তিনেস। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলছি, তাই স্বাভাবিকভাবেই অনেক চাপ এবং উত্তেজনা থাকবে। এটা খেলারই অংশ। আমরা ইতিবাচক মানসিকতা দেখাতে চাই এবং ম্যাচের জন্য প্রস্তুত থাকতে চাই। কঠিন পরিস্থিতিতে রয়েছি আমরা। তবে দল এখন আগের চেয়েও আরও বেশি ঐক্যবদ্ধ।’ সরাসরি রোনাল্ডোর নাম না নিলেও তিনি বলেন, 'কিছু সমালোচনা অন্যায্য এবং অবিচার।'

প্রথম ফুটবলার হিসেবে ৬টি বিশ্বকাপেই গোল করার রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে। ফলত উজবেকিস্তানের বিরুদ্ধে পর্তুগালের লাইনআপ কেমন থাকে, তার জন্য অপেক্ষা আর কয়েক ঘণ্টার।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement