Advertisement

Cristiano Ronaldo: হতাশ করলেন নিষ্প্রভ রোনাল্ডো, একাধিক সুযোগ মিস, কঙ্গোর বিরুদ্ধে ড্র দিয়ে শুরু পর্তুগালের বিশ্বকাপ

কঙ্গোর বিরুদ্ধে ড্র দিয়ে শুরু হল পর্তুগালের বিশ্বকাপ। ১-১ গোল করে পয়েন্ট খোয়াল তারা। আর যাঁকে নিয়ে ট্রফির আশায় বুক বেঁধেছেন ভক্তরা, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চূড়ান্ত হতাশ করলেন। একাধিক সুযোগ মিস করলেন। অন্যদিকে, ৫৭ বছর পর বিশ্বকাপে ফিরে দাগ কাটল আফ্রিকার কঙ্গো।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Aajtak Bangla
  • হাউস্টন ,
  • 18 Jun 2026,
  • अपडेटेड 6:59 AM IST
  • ড্র দিয়ে শুরু হল পর্তুগালের বিশ্বকাপ
  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চূড়ান্ত হতাশ করলেন
  • ৫৭ বছর পর বিশ্বকাপে ফিরে দাগ কাটল কঙ্গো

তিন তিনটি অনবদ্য গোল করে ভক্তদের মন ভরিয়ে দিয়েছেন লিও মেসি। জোড়া গোল করেছেন এমবাপে, হ্যালান্ডও। তবে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে একটুও দাগ কাটতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোটি কোটি ভক্তের আশায় জল ঢেলে দিলেন ৪১-এর এই তারকা। ৫৭ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর বিরুদ্ধে ১-১ ড্র ম্যাচে তিনি বড্ডই নিষ্প্রভ। একাধিক সুবর্ণ সুযোগ নষ্ট করে হতাশ করলেন আপামর ফুটবলপ্রেমীকে। যার ফলে বিশ্বকাপের শুরুতেই পয়েন্ট খোয়াল পর্তুগাল। 

বুধবার রাত সাড়ে ১০টার ম্যাচ (ভারতীয় সময়) শুরুটা হয়েছিল প্রবল উত্তেজনায়। রোনাল্ডোর 'লাস্ট ডান্স' দেখতে মুখিয়ে ছিলেন ফ্যানেরা। ম্যাচের ৬ মিনিটের মাথায় জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। আশা বাড়তে শুরু করে রোনাল্ডোকে নিয়ে। কিন্তু খেলা যত এগোয় ততই যেন ফিকে লাগে তারকা ফুটবলার ও তাঁর দলকে। ফলস্বরূপ প্রথমার্ধের শেষে নিখুঁত হেডারে গোল শোধ করে দেন কঙ্গোর ইওয়ানে উইসা। যাঁর এটাই ডেবিউ বিশ্বকাপ। 

প্রথমার্ধে আক্রমণে কিছুটা হলেও ঝাঁজ ছিল পর্তুগালের। তবে কোনওভাবেই জ্বলে উঠতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কঙ্গোর স্যামুয়েল মুথুস্বামীর স্কিলের সামনে যেন বারবার হোঁচট যাচ্ছিলেন ব্রুনো-সিলভারা।

গোটা ম্যাচে পর্তুগালকে এক চুলও জায়গা ছাড়েনি কঙ্গো। বেশ কয়েকবার পর্তুগালের বক্সে ঢুকে পড়েন কঙ্গোর খেলোয়াড়রা। তেমনই এক চেষ্টায় প্রথমার্ধের এক্স্ট্রা টাইমে পর্তুগালের বক্সে বল ভাসিয়ে দেন কঙ্গোর আর্থার মাসুয়াকু। সুযোগ নষ্ট করেননি তাঁদের তারকা স্ট্রাইকার ইওয়ানে উইসা। নিখুঁত হেডে বল ডালে জড়িয়ে দেন। কঙ্গোর ফুটবল বিশ্বকাপ ইতিহাসে তিনিই প্রথম গোলদাতা হলেন। 

তবে প্রথম ম্যাচে নামার আগেই কিছুটা ব্যাকফুটে ছিল পর্তুগাল। এখনও ফিট নন পর্তুগালের তারকা ডিফেন্ডার রুবেন দিয়াস। তাই ডিফেন্স সাজানো নিয়ে কিছুটা চাপেই পড়ে রোনাল্ডোর দল। তাঁর অভাব যেন হাড়ে হাড়ে টের পেয়েছেন রোনাল্ডোরা। 

দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করলেও রোনাল্ডো ছিলেন সেই নিষ্প্রভই। ৫৪ মিনিটে ওভারহেড কিকে গোল করেন জোয়াও কান্সেলো, তবে অফসাইডের জন্য তা বাতিল হয়। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস গোলের সুযোগ তৈরি করতে পারমুটেশন-কম্বিনেশন করে মাঠে নামান কনসেইসাও, নেলসন সেমেদো ও রাফায়েল লিয়াওকে। যদিও কোনও লাভ হয়নি। 

Advertisement

৭৪ মিনিটের মাথায় বড় সুযোগ আসে রোনাল্ডোর কাছে। ডান প্রান্ত থেকে বক্সে বল বাড়িয়ে দেন কনসেইসাও কিন্তু বল সঠিক পজিশনে মারতে ব্যর্থ হন CR7। আরও এক-দু'বার সুযোগ মিস করেন তিনি। ওদিকে টানা আক্রমণ চালিয়ে যান কঙ্গোন খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। 

উল্লেখ্য, ৫৭ বছর পর আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে ফিরেছে কঙ্গো। ফিফা ব়্যাঙ্কিংয়ে তাদের স্থান ৪৫। সেই দলের সঙ্গে ড্র করে কার্যত হতাশ করল পর্তুগাল। আর যাঁকে ট্রফির আশায় বুক বেঁধেছে কোটি কোটি ভক্ত সেই CR7 যে মোটেই ছন্দে ছিলেন না, তা ৯০ মিনিটে স্পষ্ট হয়ে গেল। 

 

Read more!
Advertisement
Advertisement