
বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটে। কে হবেন টেস্ট দলের অধিনায়ক? অনেকে মনে করছেন, রোহিত শর্মাকেই (Rohit Sharma) দেওয়া হবে এই দায়িত্ব। অনেকে আবার কেএল রাহুলকে (KL Rahul) এগিয়ে রাখছেন। তবে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার এর মতে, টেষ্টে অধিনায়ক হতে পারেন তরুণ ঋষভ পন্ত (Rishabh Pant)।
তরুন ক্রিকেটারকে দেওয়া হোক দায়িত্ব
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ''আমার উপর দায়িত্ব দেওয়া হলে টেস্টের অধিনায়ক হিসেবে ঋষভ পন্তকেই বাছতাম।'' তরুণ ক্রিকেটার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। কিন্তু ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে তাঁর কথা কি ভাবা হবে? এই নিয়েই উঠেছে প্রশ্ন। অনেকে মনে করছেন, একটা সময় মহেন্দ্র সিংহ ধোনিকেও এ ভাবেই অধিনায়ক করে দেওয়া হয়েছিল। এবারও পন্তকে অধিনায়ক করে সেই পথেই হাঁটতে পারে বোর্ড।
গাভাস্কার বলেন, ''নির্বাচকরা যদি ভাবেন ভারতীয় ক্রিকেটকে এখান থেকে এগিয়ে নিয়ে যেতে পারবে তাহলে বলতেই হবে রোহিত স্বাভাবিক পছন্দ। কারণ সে ক্ষেত্রে তিন ধরনের ক্রিকেটে একই অধিনায়ক পাবে ভারত। তবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমি বলব পন্তকেই অধিনায়ক করা উচিত।"
ভারতের এই উইকেট কিপার ব্যাটারকে বাছার পেছনে যুক্তি দিয়েছেন গাভাস্কার। তিনি বলেন, ''রিকি পন্টিং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ছাড়ার পর রোহিতকেই নেতা বেছেছিল মুম্বাই। তারপর দেখুন রোহিতের রান। অধিনায়ক হওয়ার যে দায়িত্ব সেটাই ওর ব্যাটিং বদলে দিয়েছে। ৩০,৪০ বা ৫০ রানকেই ও সেঞ্চুরি বা দেড়শো এমনকি ২০০ রানের ইনিংসে পরিনত করে ফেলছে। আমার মনে হয় এই দায়িত্বটা ঋষভকে দেওয়া উচিত। সেটাই ওকে সাহায্য করবে। নিউল্যান্ডসের মত আরও সেঞ্চুরি করতে।"
পাতৌদির কথা মনে করালেন গাভাস্কার
পন্তে অগাধ আস্থা রয়েছে ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের। মনসুর আলি খান পাতৌদির কথা স্মরণ করিয়ে গাভাস্কার বলেন, "পাতৌদিকেও মাত্র ২১ বছর বয়সে অধিনায়ক করা হয়। সেই সময় নরি কন্ট্রাক্টর আহত। এই অবস্থায় অধিনায়ক হওয়ার পর কী করেছিলেন একবার দেখুন। দিল্লির অধিনায়ক হিসেবে পন্তকে আমরা দেখেছি। আমার মনে হয়েছে ও ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবে।"