
তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে। এই মর্মে পুলিশে অভিযোগ দায়ের ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ঠাকুরপুকুর থানায় দায়ের করা অভিযোগপত্রে তাঁর দাবি, ওই ফেসবুক পেজের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও মানহানিকর বিষয়বস্তু ছড়ানো হচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ওই ফেসবুক পেজের একটি পোস্টে দাবি করা হয়েছিল, ইডি (ED) সৌরভের বাড়িতে তল্লাশি চালিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। এরপরই থানার দ্বারস্থ হন মহারাজ।
অভিযোগপত্রে উল্লেখ, বিশিষ্ট ব্যক্তিরা প্রায় সমালোচনার মুখে পড়েন ঠিকই। কিন্তু ওই পেজটি যে ধরনের বিষয়বস্তু ছড়াচ্ছে তা সমালোচনার সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাঁর সুনামেরও ক্ষতি হচ্ছে। অভিযোগ অনুযায়ী, 'সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যানস' নামের ওই ফেসবুক পেজের ফলোয়ার্স ৩৬ লক্ষেরও বেশি। সেখান থেকে এমন সব বিষয়বস্তু শেয়ার করা হচ্ছে, যা মিথ্যা এবং সম্মান হানিকর।
প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম 'স্পোর্টজউইকি'-র নামও উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, ওই প্ল্যাটফর্মে প্রকাশিত বিষয়গুলি এই পেজের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছিল।
সৌরভ পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন এই পেজ পরিচালনাকারীদের শনাক্ত করা হয়। এবং আইনানুগ শাস্তি দেওয়া হয়। মানহানিকর বিষয়বস্তু ছড়ানোর কাজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও তিনি আবেদন জানান।