
ব্রাজিল ভক্তদের জন্য জোড়া সুখবর। একদিকে ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে পৌঁছে গেল সাম্বারা। অন্যদিকে, আগামী ম্যাচে নেইমার মাঠে নামছেন বলে জানিয়ে দিলেন কোচ কার্লোস আন্সেলোত্তি। স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ সি-র শেষ ম্যাচ খেলবেন এই ব্রাজিলিয়ান তারকা।
৩৪ বছরের এই ফুটবলার এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের একটা ম্যাচেও খেলতে পারেননি। কারণ, ডান কাফে একটি চোট রয়েছে তাঁর। গত ১৭ মে নিজের ক্লাব সান্তোসের হয়ে একটি ম্যাচ খেলার সময়ে এই চোট পান নেইমার। ফলত বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কো এবং দ্বিতীয় ম্যাচে হাইতির বিরুদ্ধে মাঠে দেখা যায়নি তাঁকে।
শনিবার ফিলাডেলফিয়াতে হাইতির বিরুদ্ধে বড় জয় পেয়েছে সেলেকাওরা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্লোস আন্সেলোত্তি জানান, নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আগামী সপ্তাহের শুরু থেকেই তিনি পুরোদমে টিমের সঙ্গে ট্রেনিং শুরু করে দেবেন।
আন্সেলোত্তির কথায়, 'আগামীকালই নেইমার একা প্র্যাকটিস করবেন। সোমবার থেকে তিনি বাকি সতীর্থদের সঙ্গে প্রশিক্ষণ করবেন। আগামী ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে তাঁকে মাঠে পাওয়া যাবে।'
তবে বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে প্রশিক্ষণে নামার আগে তাঁকে পুরোদমে একা প্র্যাকটিস করতে হবে বলেই জানিয়েছেন সাম্যবাদের কোচ। চলতি সপ্তাহের শুরুতে নেইমারের একাধিক মেডিক্যাল পরীক্ষা য়। কাফের চোট কতটা সেরেছে তা দেখার জন্যই টেস্টগুলি করা হয়। এরপরই চিকিৎসকরা তাঁকে রিহ্যাব প্রোগ্রামের পরামর্শ দেন। ফলত শনিবারের হাইতি ম্যাচে তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেননি বর্ষীয়ান কোচ।
বিশ্বকাপের প্রথম ম্যাচে সতীর্থদের চিয়ার করতে বেঞ্চে দেখা গিয়েছিল প্রাক্তন এই বার্সা এবং পিএসজি তারকাকে। তবে হাইতি ম্যাচের আগে ব্রাজিল ম্যানেজমেন্ট জানিয়ে দেয়, গ্রেড টু কাফ ইনজুরি সারিয়ে তুলতে নেইমার নিউ জার্সিতেই থাকবেন। সেখানেই তাঁর রিহ্যাব চলবে।
প্রথম মনে করা হচ্ছিল, চোটের কারণে হয়তো ৩ সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে নেইমারকে। সেক্ষেত্রে তিনি আদৌ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কার্লোস আন্সেলোত্তি এদিন সুখবর দেওয়ায় স্বস্তিতে নেইমার ভক্তরা।
এদিকে, উদ্বেগ তৈরি করেছে রাফিনহার চোট। হাইতির বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের পর উঠে যেতে হয় তাঁকে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। তবে সেটা কতটা গুরুতর এখনও স্পষ্ট নয়। বার্সেলোনা উইঙ্গারের আরও বেশ কিছু টেস্ট হবে।
কার্লোস আন্সেলোত্তি বলেন, 'ওঁর পরিস্থিতি কী তা খতিয়ে দেখতে হবে আমাদের। এখনও জানি না চোট কতটা গুরুতর।'
রাফিনহার ফিটনেস নিয়ে আশঙ্কার মাঝে নেইমারের প্রত্যাবর্তন আরও প্রয়োজনীয় করে তুলল টিমের জন্য। ব্রাজিলের এখন দরকার তাদের সবচেয়ে অভিজ্ঞ অ্যাটাকিং প্লেয়ার নেইমারকেই।
এদিন হাইতির বিরুদ্ধে মাঠে চেনা সাম্বা ঝড় দেখা গিয়েছে যদিও। মরোক্কোর বিরুদ্ধে ড্র করে ব্রাজিল সমর্থকদের যতটা হতাশ করেছিল, ফিলাডেলফিয়া ম্যাচের পর ততটাই সন্তুষ্ট করল। ম্যাথেউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়াস জুনিয়ারের অনবদ্য শটে সেলেকাওরা এবারের বিশ্বকাপের প্রথম জয় পেল। গ্রুপ সি থেকে পরের ধাপে ওঠা আরও নিশ্চিত করে ফেলল ভিনিরা।
নেইমার ফেরার খবর ব্রাজিল ড্রেসিংরুমকে আরও চাঙ্গা করে তুলবে বলেই মনে করা হচ্ছে। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। ১২৯টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোলের সংখ্যা ৭৯। এটা তাঁর চতুর্থ বিশ্বকাপ।
২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোট পাওয়ার পর থেকে একাধিকবার আঘাত পেয়েছেন তিনি। চোট-আঘাতে জর্জরিত নেইমারকে এবারের বিশ্বকাপ দলে রাখা নিয়েও বিতর্ক কম হয়নি। তবে নিজের ছেলেবেলার ক্লাব সান্তোসে ফেরার পর অনেকটাই ছন্দে ফিরেছেন নেইমার। ৮টি ম্যাচ খেলে চলতি মরশুমে তিনি ৪ গোল করেছেন এবং ২টি করিয়েছেন দেশের জার্সি গায়ে।
তবে রাফিনহার চোট ভাবাচ্ছে ব্রাজিল টিমকে। যদিও নেইমারের প্রত্যাবর্তন কি ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বুধবার মিয়ামিতে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের তৃতীয় ম্যাচে।