
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দলে জায়গা পাননি কয়েকজন সিনিয়র খেলোয়াড়। বাদ পড়া খেলোয়াড়দের তালিকায় রয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার নামও। রবিবার এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান এক সাংবাদিকের বিরুদ্ধে সাক্ষাৎকারের জন্য তাঁকে হয়রানির অভিযোগ করেছেন। টুইটারে সেই সাংবাদিকের সাথে একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে, ঋদ্ধিমান লিখেছেন, "ভারতীয় ক্রিকেটে আমার সমস্ত অবদানের পরেও... একজন তথাকথিত সম্মানিত সাংবাদিকের কাছ থেকে আমাকে এসব শুনতে হবে! এইসব মোকাবিলা করতে হবে? কোথায় গেল সাংবাদিকতা?' প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag) ঋদ্ধিমানের সমর্থনে লিখেছেন, 'খুব দুঃখজনক। সে সম্মান পাওয়ার মত কোনও ব্যক্তিই নন, না সাংবাদিক, শুধুই চামচাগিরি। ঋদ্ধি আমি তোমার সঙ্গে রয়েছি।
অন্যদিকে, দল থেকে বাদ পড়ার পর শনিবারই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ঋদ্ধিমান সাহা। ভারতীয় দলের এই ক্রিকেটার দাবি করেছেন যে, রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট তাঁকে অবসরের বিষয়ে ভাবতে বলেছিল কারণ তাঁকে আর নির্বাচনের জন্য বিবেচনা করা হবে না। এর পাশাপাশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও নিশানা করেছেন ঋদ্ধিমান।
শনিবার ঋদ্ধিমান সাংবাদিকদের বলেন, 'টিম ম্যানেজমেন্ট আমাকে বলেছে যে, এখন আমার নাম বিবেচনা করা হবে না। আমি ভারতীয় দলের অংশ নই তাই এখন আমি কথা বলতেই পারি। এমনকি কোচ রাহুল দ্রাবিড়ও আমাকে অবসর নেওয়ার পরামর্শ দিয়ে ছিলেন।
ঋদ্ধিমান আরও বলেন, 'গত নভেম্বরে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পেইন কিলার নিয়ে আমি যখন অপরাজিত ৬১ রান করি, তখন দাদা (Sourav Ganguly) আমাকে হোয়াটসঅ্যাপে অভিনন্দন জানিয়েছিলেন। এমনকি তিনি বলেছেন যে যতদিন তিনি বিসিসিআই-এর শীর্ষে আছেন, ততক্ষণ আমার কোনও চিন্তা করতে হবে না।''
ঋদ্ধিমান ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), চেতেশ্বর পূজারা এবং ইশান্ত শর্মা। বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই পূজারা ও রাহানে। অন্যদিকে ইশান্ত শর্মা গত বছর তার পুরনো ফর্মে দেখা যায়নি।