দোকানে ঢুকলেন তিন মহিলা। পরনে শাড়ি, মুখে স্বাভাবিক ভাব, আচরণে কোনও সন্দেহের ছাপ নেই। দেখে মনে হবে, আর পাঁচজন সাধারণ ক্রেতার মতোই গয়না কিনতে এসেছেন তাঁরা। কাউন্টারে বসে একের পর এক সোনার গয়না দেখতে শুরু করলেন। দোকানদারও ব্যস্ত হয়ে পড়লেন তাঁদের পছন্দের গয়না দেখাতে। কিন্তু সেই ব্যস্ততার আড়ালেই ঘটে গেল আসল ঘটনা। অভিযোগ, ক্রেতা সেজে আসা তিন মহিলার একজন সুযোগ বুঝে সোনার গয়নার বাক্স সরিয়ে নিলেন। তারপর সেটি শাড়ির আড়ালে লুকিয়ে ফেললেন। দোকানে তখনও চলছে গয়না দেখার পর্ব। কেউ বুঝতেই পারলেন না, কয়েক মুহূর্তের মধ্যে প্রায় ৪৫ লক্ষ টাকার সোনার গয়না উধাও হয়ে গিয়েছে। শুধু তিন মহিলা নন, তাঁদের সঙ্গে বাইরে অপেক্ষা করছিলেন আরও দুই পুরুষ সহযোগী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই চুরির পুরো কৌশল। ঘটনাটি মধ্যপ্রদেশের বুরহানপুরের। দীপাবলির আগে যখন সোনার দোকানগুলিতে ক্রেতাদের ভিড় বাড়ছে, তখন এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে।