
খুব শীঘ্রই দেশের মানুষ 5G ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে চলেছেন। সব কিছু ঠিক থাকলে চলতি বছর অর্থাত্ ২০২২ সালের শেষেই ভারতে ২৫টি শহরে চালু হয়ে যাবে 5G পরিষেবা। জানিয়ে দিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
গত ১৮ জুন একটি সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ভারতে 5G পরিষেবার বিশ্ববাজারে দামের নিরিখে অনেকটাই সস্তায় পাওয়া যাবে। এর আগে কেন্দ্র জানিয়েছিল, দেশজুড়ে 5G spectrum নিলাম শুরু হয়ে যাবে জুলাই থেকেই। প্রথম পর্যায়ের পরিষেবা অগাস্ট-সেপ্টেম্বর থেকে চালু হবে। কেন্দ্রের অন্য একটি বিবৃতি বলছে, প্রথম পর্যায়ে দেশের ১৩টি শহরে 5G পরিষেবা চালু হবে।
ভারতে 5G পরিষেবার দাম কম হবে
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীর পর্যবেক্ষণ, ভারতে ইন্টারনেট ডেটার দাম গড়ে মোটামুটি ২ ডলার বা ১৫৫ টাকা। সেখানে বিশ্ববাজারে দাম ২৫ ডলার বা প্রায় ১৯০০ টাকা।
সম্প্রতি Airtel CTO রণদীপ সেখন ইন্ডিয়া টুডে-কে এক সাক্ষাত্কারে বলেন, 'স্পেকট্রাম নিলামের পরে আমরা চূড়ান্ত দাম জানতে পারবো। অন্যান্য অপারেটররা ইতিমধ্যেই 5G পরিষেবা পরীক্ষামূলক ভাবে দিয়েছে।'
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ভারতে প্রতি মাসে গড়ে ১৮জিবি ডেটা ব্যবহার করে একজন নাগরিক। বিশ্বে যা ১১জিবি। যদিও স্পিডটেস্টে অন্যান্য অনেক দেশের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে ভারত।
কোন কোন শহরে প্রথমে চালু হবে 5G পরিষেবা?
কেন্দ্রের ডেটা অনুযায়ী, প্রথম পর্যায়ে যে ১৩টি শহরে 5G পরিষেবা চালু হবে, সেগুলি হল, কলকাতা, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, জামনগর, হায়দরাবাদ, পুনে, লখনউ, মুম্বই। ১৩টি শহরে স্থাপিত হয়েছে ট্রায়াল সাইট। এরপরে গোটা দেশে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে। জানা গিয়েছে যে এই ৫ জি পরিষেবা কার্যকর করার ব্যাপারে গত ৩ বছর ধরে কাজ চলছে, যা এখন শেষের পথে। কাজ করছে ৮টি এজেন্সি। তাঁরাই এতদিন ধরে ৫জিকে সঠিকভাবে দেশে আনার জন্য লাগাতার কাজ করে চলেছে।