
ইনস্টাগ্রাম (Instagram) কি সত্যিই লোকেদের কথাবার্তা শোনে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ ইনস্টাগ্রামের প্র অ্যাডাম মোসেরি। অনেকেরই ধারণা, তাঁরা যা নিয়ে কথা বলেন, সেই পণ্যের বিজ্ঞাপন কিছুক্ষণের মধ্যেই ইনস্টাগ্রামের ফিডে ভেসে ওঠ। কখনও আবার কোনও বিষয় নিয়ে শুধু মনে মনে ভাবলেই সেই বিজ্ঞাপন চলে আসে ইনস্টাগ্রামে। আপনারও কি এমন অভিজ্ঞতা হয়েছে? বন্ধু, পরিচিতদের কাছেও হয়তো এমন কথা শুনেছেন। অনেকেরই সন্দেহ, স্মার্টফোনের মাইক্রোফোনে আড়ি পেতে কথাবার্তা শোনে ইনস্টাগ্রাম। সত্যিই কি তাই?
ধরুন, আপনি একটা দামি মোবাইল কেনার কথা বলছেন অফিসের সহকর্মীকে। কিছুক্ষণ পরই ইনস্টাগ্রামে দেখলেন সেই মোবাইলেরই বিজ্ঞাপন। এমন অভিজ্ঞতা হয়েছে অনেকেরই। তাহলে কি আপনার কথা শুনতে পায় ফোন? এই প্রশ্নে মজার ব্যাখ্যা দিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি। তাঁর দাবি, ব্যবহারকারীদের মাইক্রোফোন আড়ি পাতে না ইনস্টাগ্রাম। অনুমতি ছাড়া কারও মাইক্রোফোন ব্যবহার করা বেআইনি। মাইক্রোফোনে আড়ি পাতার অভিযোগ নিয়ে তাঁকেও প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয়। এমনকি এই বিষয় নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গেও মাঝেমধ্যে তর্ক হয় বলে জানিয়েছেন তিনি।
অ্যাডামের বক্তব্য, ইনস্টাগ্রাম যদি সত্যিই ব্যবহারকারীদের কথাবার্তা শুনত, তা হলে তা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হত। শুধু তা-ই নয়, মাইক্রোফোন ব্যবহার করলে স্মার্টফোনের ব্যাটারিও দ্রুত শেষ হয়ে যেত। মাইক্রোফোন ব্যবহার করলে ফোনের স্ক্রিনে লাল আলোও জ্বলত। আসলে আধুনিক স্মার্টফোনের একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথাই বলেছেন অ্যাডাম। গত কয়েক বছর ধরে এই সুবিধা ফোনে দেওয়া হচ্ছে। কোনও অ্যাপ ব্যবহারকারীর অনুমতি নিয়ে ক্যামেরা বা মাইক্রোফোন চালু করলে স্ক্রিনের উপরে সবুজ ও কমলা রঙের ইন্ডিকেটর দেখা যায়। ফোনের প্রাইভেসি সেটিংসে গিয়ে কোন অ্যাপ কখন মাইক্রোফোন বা ক্যামেরা ব্যবহার করেছে, তা-ও দেখে নিতে পারেন। তবে লোকেশন, ফটো গ্যালারি এবং কন্ট্যাক্ট লিস্টে প্রবেশের অনুমতি কোনও কোনও অ্যাপের থাকে। অবশ্য সে ক্ষেত্রেও ব্যবহারকারীর সম্মতি দরকার।
কীভাবে একই বিজ্ঞাপন দেখায় ইনস্টাগ্রাম?
এই প্রশ্নেরও ব্যাখ্যা দিয়েছেন অ্যাডাম। তাঁর দাবি, ব্যবহারকারীরা যে ধরনের বিজ্ঞাপন দেখেন, তার পিছনে তাঁদের আগের অনলাইন সার্চ দায়ী। ধরুন, আপনি জুতোর কোনও পোস্টে লাইক দিয়েছেন, সেটি শেয়ার করেছেন বা জুতো লিখে সার্চ করেছেন। এরপর থেকেই আপনার ফিডে জুতো সংক্রান্ত বিজ্ঞাপনের সংখ্যা বাড়তে পারে। এমনও হতে পারে, আপনি কোনও বন্ধুর সঙ্গে জুতো নিয়ে কথা বলেছেন। সেই বন্ধু ইনস্টাগ্রামে আপনাকে জুতো সংক্রান্ত কোনও পোস্ট পাঠিয়েছেন বা নিজেই ওই ধরনের কোনও পণ্য দেখেছেন। এ ক্ষেত্রে বিভিন্ন তথ্য ও সংযোগের ভিত্তিতে অ্যাপের অ্যালগরিদম কাজ করতে শুরু করে। আপনার ফিডে বার বার সেই ধরনের পণ্য বা বিষয় সংক্রান্ত পোস্ট ও বিজ্ঞাপন দেখা যায়।
যেভাবে কাজ করে অ্যালগরিদম
ইনস্টাগ্রামের অ্যালগরিদম নিয়ে এর আগেও একাধিক বার মুখ খুলেছেন অ্যাডাম মোসেরি। শুধু বিজ্ঞাপন নয়, ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী কী ভাবে ফিডে পোস্ট দেখানো হয়, তা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন। মোসেরির বক্তব্য অনুযায়ী, ২০১০ সালে ইনস্টাগ্রাম চালু হওয়ার সময় অ্যাপটি ক্রোনোলজিক্যাল ফিড অনুসরণ করত। অর্থাৎ যে পোস্ট আগে প্রকাশ করা হত, সেটিই আগে ব্যবহারকারীদের ফিডে দেখা যেত। কিন্তু ধীরে ধীরে ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকায় প্রত্যেকের ফিডে সব পোস্ট দেখানো কার্যত অসম্ভব হয়ে পড়ে।
২০১৬ সালের মধ্যে ব্যবহারকারীরা তাঁদের ফিডে আসা প্রায় ৭০ শতাংশ পোস্টই দেখতে পেতেন না। এরপর ক্রোনোলজিক্যাল ফিডের পরিবর্তে র্যাঙ্কড ফিড ব্যবস্থা চালু হয়। অর্থাৎ প্রত্যেক ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহ অনুযায়ী তাঁর ফিড দেখতে পান। আপনার ফিডে আপনার পছন্দের বিষয়, অন্য কারও ফিডে তাঁর পছন্দের বিষয়, এ ভাবেই কাজ করে অ্যালগরিদম।
মোসেরি জানিয়েছেন, কোনও পোস্টে ব্যবহারকারীর প্রতিক্রিয়া এবং অন্য ব্যবহারকারীদের সঙ্গে তাঁর যোগাযোগের ধরন-সহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে পোস্টের গুরুত্ব নির্ধারণ করা হয়। কেউ কোনও ভিডিয়োতে লাইক দিচ্ছেন কিনা, নির্দিষ্ট কোনও ব্যক্তির সঙ্গে কতটা যোগাযোগ রাখছেন, সেই বিষয়গুলিও বিবেচনা করা হয়। যে পোস্টে ব্যবহারকারীর আগ্রহ বা যোগাযোগ বেশি, সেটি তাঁর ফিডের উপরের দিকে দেখানোর সম্ভাবনা বেশি।
রিসেট কীভাবে করবেন?
ফিডে একই ধরনের পোস্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলে নতুন করে সাজানোর সুযোগও রয়েছে। চাইলে কনটেন্ট প্রেফারেন্সেস সেটিংসে গিয়ে ফিড রিসেট করতে পারেন। এর ফলে অ্যাপটি আপনার কনটেন্টের সুপারিশ নতুন করে সাজানোর সুযোগ পাবে।