
একটা সময় বাজার মাতিয়েছিল। ইলেকট্রিকে অবতারে আসার পরও তার ব্যত্যয় ঘটেনি। এখনও হট কেক। হু হু করে বিকোচ্ছে বাজাজের ইলেকট্রিক স্কুটার চেতক। এবার বিক্রির নিরিখে নয়া নজির গড়ল এই স্কুটার। দেশের তৃতীয় সংস্থা হিসাবে ১০ লক্ষ ইলেকট্রিক টু-হুইলার বিক্রির মাইলফলক ছুঁল। এর আগে ওলা ইলেকট্রিক (Ola Electric) এবং টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) এই নজির গড়েছিল।
২০২০ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত দেশে মোট ১০ লক্ষ ১ হাজার ১৩৫টি চেতক স্কুটার বিক্রি করেছে বাজাজ। চলতি বছরে এই স্কুটারের চাহিদা আরও বেড়েছে। এক বছরের মধ্যে ৩ লক্ষ এবং ৪ লক্ষ স্কুটার বিক্রির মাইলফলকও পার করেছে সংস্থা। বিক্রির এই গতি থাকলে চলতি বছরেই ৫ লক্ষ স্কুটার বিক্রির নজির গড়তে পারে চেতক। প্রথম দিকে বাজাজের এই ইলেকট্রিক স্কুটারের বিক্রি তেমন আশাব্যঞ্জক ছিল না। ২০২০ সালে সংস্থাটি মাত্র ১২৪৩টি চেতক বিক্রি করেছিল। পরের বছর অর্থাৎ ২০২১ সালে বিক্রি হয় ৪৭৬৫টি স্কুটার। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬৭৫৮। ২০২৩ সালে বিক্রি হয়েছিল ৭৫১১২টি।
এরপর থেকেই বিক্রির গ্রাফ দ্রুত উপরের দিকে উঠতে শুরু করে। ২০২৪ সালে ২ লক্ষ ১ হাজার ১৬৭টি এবং ২০২৫ সালে ২ লক্ষ ৭৯ হাজার ৬৯১টি স্কুটার বিক্রি করে বাজাজ। ২০২৬ সালের এখনও পর্যন্ত বিক্রির সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৪০৯। সব মিলিয়ে ১০ লক্ষেরও বেশি চেতক বিক্রি করে দেশের ইলেকট্রিক টু-হুইলার বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করল সংস্থা।
কেন এত চেতক বিকোচ্ছে?
বাজাজ চেতক একাধিক ব্যাটারি বিকল্পে পাওয়া যায়। সবচেয়ে কম রেঞ্জের মডেল C2501। এতে রয়েছে ২.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। সংস্থার দাবি, একবার সম্পূর্ণ চার্জ দিলে এই স্কুটার ১১৩ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ধরা যাক, বাড়িতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা। সেক্ষেত্রে ২.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে আনুমানিক ২৫ টাকা খরচ হতে পারে। প্রায় ২৫ টাকার বিদ্যুৎ খরচেই পাওয়া যেতে পারে ১১৩ কিলোমিটারের রেঞ্জ।
তবে মনে রাখতে হবে বাস্তবে স্কুটারের রেঞ্জ একাধিক বিষয়ের উপর নির্ভর করে। চালানোর ধরন, রাস্তার পরিস্থিতি এবং অন্যান্য কিছু বিষয় ব্যাটারির পারফরম্যান্সে প্রভাব ফেলে।
চেতকের দাম কত?
বাজাজ চেতক মোট তিনটি সিরিজে পাওয়া যায়। ২৫ সিরিজ ছাড়াও রয়েছে ৩০ সিরিজ এবং ৩৫ সিরিজ। এর মধ্যে টপ ভ্যারিয়্যান্ট C3503। এই মডেলের এক্স-শোরুম দাম ১,২৪,১৫৭ টাকা। এতে রয়েছে ৩.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। সংস্থার দাবি, একবার সম্পূর্ণ চার্জে এই স্কুটার ১৫৩ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
অন্যদিকে, চেতকের বেস ভ্যারিয়্যান্ট C2501-এর এক্স শোরুম দাম ৯৯,৮০২ টাকা। এই মডেলে রয়েছে অল মেটাল বডি, মিউজিক কন্ট্রোল এবং এলসিডি ডিসপ্লের মতো একাধিক ফিচার রয়েছে। পাশাপাশি স্কুটারে কল ও মেসেজ নোটিফিকেশন পাওয়ার সুবিধাও মেলে।