
Hero MotoCorp-এর বাইক এবং স্কুটারের প্রতি মানুষের বিশেষ ভরসা রয়েছে। এগুলি সবসময়ই হিট। যেই কারণে নিয়মিত নিত্যনতুন বাইক বা স্কুটার লঞ্চ করে সংস্থা। সেই সঙ্গে পুরনো মটোরসাইকেলের আপডেটেড ভার্সনও সামনে আনে। আর সেই ট্রেন্ড ধরেই ভারতে নতুন Destini 110 Classique Edition লঞ্চ করল Hero MotoCorp। উৎসবের মরসুমকে মাথায় রেখে এই সময় লঞ্চ করা হল স্কুটারটির বিশেষ এডিশন। এতে রয়েছে নিও-রেট্রো ডিজাইন। সেই সঙ্গে নতুন ডুয়াল-টোন রং এবং বেশ কিছু বিশেষ কসমেটিক আপডেটের দেখা মিলছে। তাই আর সময় নষ্ট নয়, এই স্কুটারে ঠিক কী কী ফিচার মিলবে, এর দাম ঠিক কত, সেটা জেনে নিন।
কোন রঙে পাওয়া যাচ্ছে স্কুটারটি?
Destini 110 Classique Edition পাওয়া যাবে দু'টি রঙে। প্রথমটি ম্যাট গোল্ডফিশ সিলভার/লাইট ইন্ডাস্ট্রিয়াল গ্রে, যার সঙ্গে রয়েছে বাদামি রঙের ইনার প্যানেল। দ্বিতীয়টি ম্যাট এরিস ব্রাউন, যার ইনার প্যানেল কালো। দু'টি রঙের ক্ষেত্রেই সামনের হ্যান্ডেল কভার ও সাইড প্যানেলে নতুন স্ট্রাইপ দেওয়া হয়েছে। রয়েছে রঙের সঙ্গে মানানসই মিরর ও সিট। পাশাপাশি বিশেষ 3D Classique Edition ব্যাজ এবং ব্র্যান্ডেড রিম টেপও থাকছে।
তবে স্কুটারটির মূল ডিজাইন ও যান্ত্রিক কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি। মূলত কসমেটিক আপডেটই রয়েছে নতুন সংস্করণে। ২০২৫ সালের সেপ্টেম্বরে Destini 110 লঞ্চ করেছিল Hero MotoCorp। এই স্কুটারে রয়েছে দারুণ কমফোর্ট। সেই সঙ্গে ব্যবহারের সুবিধা এবং জ্বালানি সাশ্রয়ের কথা মাথায় রেখেই স্কুটারটি বাজারে আনা হয়েছিল।
কী কী ফিচার রয়েছে?
ফিচারের দিক থেকে স্কুটারটিতে রয়েছে ৭৮৫ মিলিমিটার লম্বা সিট। সংস্থার দাবি, এই সেগমেন্টে এটিই সবচেয়ে লম্বা সিট। পাশাপাশি রয়েছে পর্যাপ্ত লেগরুম। সামনে ও পিছনে দু'দিকেই ১২ ইঞ্চির চাকা দেওয়া হয়েছে। স্কুটারের পিছনের টায়ারটি আরও চওড়া। এটির মাপ ১০০/৮০-১২।
এই স্কুটারে রয়েছে ১৯ লিটারের আন্ডার-সিট স্টোরেজ। এছাড়া সামনে রয়েছে আলাদা স্টোরেজ কম্পার্টমেন্ট। সেখানে মোবাইল চার্জ করার সুবিধাও রয়েছে। এছাড়া রয়েছে বুট ল্যাম্প। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডিজিটাল-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অ্যালয় হুইল এবং ক্রোম ডিটেলিং।
ইঞ্জিনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড Destini 110-এর মতোই ১১০ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে নতুন এডিশনে। জ্বালানি সাশ্রয় বাড়াতে রয়েছে Hero-র i3S (Idle Stop-Start System) প্রযুক্তি। আলো জ্বালানোর জন্য দেওয়া হয়েছে LED প্রজেক্টর হেডল্যাম্প, LED টেল ল্যাম্প এবং পজিশন ল্যাম্প।
দাম কত?
দেশের বিভিন্ন Hero MotoCorp ডিলারশিপে পাওয়া যাচ্ছে Destini 110 Classique Edition। দিল্লিতে এই স্কুটারের এক্স শোরুম দাম হল ৭৬,৪০০ টাকা। এরপর ইনস্যুরেন্স এবং ট্যাক্স আলাদা করে দিতে হবে। এছাড়া কলকাতায় এই স্কুটারের দাম আলাদা হতে পারে।