
ডিজিটাল স্ক্যাম রোধে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ডিজিটাল অ্যারেস্টের জন্য ব্যবহৃত ডিভাইস আইডিগুলো ব্লক করতে WhatsApp-কে নির্দেশ দিল মোদী সরকার। জানা গিয়েছে, ডিজিটাল অ্যারেস্টের মতো স্ক্যাম রোধেই এই পদক্ষেপ নিয়েছে সরকার। বিভিন্ন ডিজিটাল ফ্রডের ক্ষেত্রে দেখা গিয়েছে, অনেক কেলেঙ্কারিতে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হচ্ছে, এত্রেত্রে টার্গেট করা ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কল ও মেসেজ পাঠিয়ে ফাঁদে ফেলছে প্রতারকেরা। আর সেই কারণেই একাধিক ফোনের আইডি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে WhatsApp-কে।
স্বরাষ্ট্র মন্ত্রকের ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের (I4C) একটি রিপোর্টের ভিত্তিতে সরকারের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সাইবার জালিয়াতরা ঘন ঘন নতুন অ্যাকাউন্ট তৈরি করে, তাই ডিভাইস পর্যায়েই এগুলি ব্লক করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরফলে সাইবার ফ্রডরা ওই নির্দিষ্ট ডিভাইসে আর WhatsApp ইনস্টল করতে পারবেন না।
উল্লেখ্য বিষয় হল, হোয়াটসঅ্যাপ ভারতের লক্ষ লক্ষ মানুষের ব্যবহৃত একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এই জনপ্রিয়তার সুযোগ নিয়ে সাইবার প্রতারকরা হোয়াটসঅ্যাপ আইডি তৈরি করে সাধারণ মানুষদের টার্গেট করছে। তাই, কেন্দ্র সাইবার জালিয়াতদের ব্যবহৃত আইডিগুলো ব্লক করতে চাইছে।
ডিভাইস আইডি বলতে কী বোঝানো হয়েছে?
ডিভাইস আইডি হল, মূলত যে কোনও গ্যাজেটের আইডেন্টিফিকেশন নম্বর। এটি আধারের মতোই একটি ইউনিক নম্বর। এই নম্বরটি দিয়ে মোবাইল, ম্যাক, ল্যাপটপের মতো যে কোনও গ্যাজেট সনাক্ত করা যায়। ডিভাইস আইডি বিভিন্ন প্রকারের হতে পারে, যার মধ্যে রয়েছে IMEI নম্বর, MAC অ্যাড্রেস, ডিভাইস সিরিয়াল নম্বর এবং অ্যাডভার্টাইজিং নম্বর।