
মানুষকে বোকা বানিয়ে ফাঁদে ফেলতে নিত্যদিন অভিনব ফন্দি বের করে প্রতারকেরা। আর সেই ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়ে বসে বহু মানুষ। এবার এমনই নতুন ধরনের একটি প্রতারণার ছক কষেছে সাইবার প্রতারকরা। বেশ কিছু মানুষ দাবি করেছেন, তাঁদের WhatsApp-এ আসছে একটি আয়কর নোটিশ।
আসলে IT রিটার্ন ফাইল করার জন্য শেষ তারিখ ছিল ৩১ জুলাই। সকলেই নির্দিষ্ট তারিখের মধ্যে ITR ফাইল করেছেন। কিন্তু এই সুযোগকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। কেন্দ্রের সাইবার দোস্ত আই৪সি-র তরফে একটি পোস্ট করে সাধারণ মানুষকে এই ভুয়ো IT রিটার্ন নোটিশের বিষয়ে আমজনতাকে সতর্ক করেছে।
পোস্টটিতে স্পষ্টভাবে বলা হয়েছে, আপনি যদি হোয়াটসঅ্যাপে কোনও আয়কর নোটিশ পেয়ে থাকেন, তবে তাতে ক্লিক করার আগে দুবার ভাবুন। সাইবার দোস্ত বলছে, ITR রিটার্নের নাম করে মানুষকে প্রতারিত করা হতে পারে। হতে পারে এমন লিঙ্কে ক্লিক করলে নকল ও বিপজ্জনক ফাইল বা ভাইরাস ফোনে ইনস্টল হয়ে যাবে। ফলে সমস্যায় পড়বে বহু মানুষ।
সাইবার দোস্ত-এর পোস্টটি দেখে নিন
বিষয়টি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে সাইবার দোস্ত আই৪সি জানাচ্ছে, ম্যালওয়্যার ফাইলগুলো ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে খুব সহজে ডিভাইসে ঢুকে পড়ে। এরফলে ব্যাঙ্ক ডিটেইলস, পাসওয়ার্ড এবং এমনকি ব্যক্তিগত তথ্যও চুরি হয়ে যেতে পারে।
কীভাবে সতর্ক থাকবেন?
সাইবার দোস্ত আই৪সি যাচাই না করে কোনও ট্যাক্স নোটিশ, লিঙ্ক বা অ্যাটাচমেন্টে ক্লিক না করার পরামর্শ দিয়েছে। একটি ক্লিকের ফলে মোবাইলটি সাইবার জালিয়াতির ঝুঁকিতে পড়তে পারে। আপনি যদি সাইবার জালিয়াতির শিকার হন, তাহলে দ্রুত ১৯৩০ নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করুন।