
স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন করছে দেশ। সকাল থেকে দেশবাসীর নজর ছিল লালকেল্লার দিকে। এদিন রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে লালকেল্লা গিয়ে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর জাতির উদ্দেশে ভাষণ দেন PM। প্রযুক্তি খাতে দেশের অগ্রগতি নিয়ে এদিন লালকেল্লা থেকে বার্তা দিলেন নমো।
প্রধানমন্ত্রী জানান, দেশে মোবাইল ফোন উৎপাদন ৩৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ভারতও ডিজিটাল ও উদ্ভাবনকে গ্রহণ করে আধুনিক যুগে নিজের ছাপ রেখেছে। তিনি আরও বলেন, দেশে শীঘ্রই ৬-৭টি সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করা হবে। একইসঙ্গে ভারতে ডেটা সেন্টার তৈরির কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
অ্যাপল থেকে স্যামসাং পর্যন্ত অনেক কোম্পানিরই ভারতে কারখানা রয়েছে
আজ অ্যাপল থেকে স্যামসাং পর্যন্ত অসংখ্য মোবাইল ব্র্যান্ড ভারতে উৎপাদন করছে। শুধু তাই নয়, অ্যাপল এবং স্যামসাং-এর মতো ব্র্যান্ডগুলো বিদেশে ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন রফতানি করছে, যা ভারতের জন্য লাভজনক। মোবাইল উৎপাদন কারখানাগুলো ভারতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
ইলেকট্রনিক্স উৎপাদন প্রায় ৭গুণ বৃদ্ধি পেয়েছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতে ইলেকট্রনিক্স উৎপাদন প্রায় সাতগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, গত ১২ বছরে ভারত টেক খাতসহ অন্য যে কোনও খাতে অনেক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।
১২ বছরে ভারত নয়া গতি লাভ করেছে
প্রধানমন্ত্রী এদিন বলেন, গত ১২ বছরে ভারত এক নতুন গতি অর্জন করেছে। দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি বলেন, ১৪০ কোটি নাগরিককে এখন থামানো অসম্ভব। গত ১২ বছরে দেশের প্রতিরক্ষা উৎপাদন প্রায় চারগুণ বেড়েছে। ইলেকট্রনিক্স উৎপাদন প্রায় সাতগুণ বেড়েছে।
পাশাপাশি মোদী জানান ২০৩০ সালের মধ্যে ‘মেড ইন ইন্ডিয়া ৬জি’ দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। ফলে ৬জি প্রযুক্তির উন্নতিতে ভারত হয়ে উঠবে গ্লোবাল লিডার।