
আজকাল এক বছর অন্তর নতুন স্মার্টফোন কেনা আকছার ঘটনা। এমন বহু মানুষ রয়েছেন, যারা প্রতি বছরই নতুন নতুন হ্যান্ডসেট ব্যবহার করেন। আসলে দিনে দিনে নতুন নতুন স্মার্টফোনের দিকে আকৃষ্ট হয়েই এই পথে হাঁটছে সাধারণ মানুষ।
কিন্তু নতুন ফোন কেনার পাশাপাশি, আরও একটি দিক অনেকেরই অজ্ঞাতে থেকে যায়। তা হল পুরনো ফোনগুলি কী করা হয়? সম্প্রতি একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, অনেক ব্যবহারকারী তাদের পুরোনো হ্যান্ডসেটগুলো বিক্রি না করে জমিয়ে রাখছেন। দেখা যায় বহু মানুষই নিজেদের পুরনো স্মার্টফোন আলমারিতে বা ড্রয়ারে রেখে দেন।
পুরনো ফোন কেনা-বেচা করা একটি কোম্পানি ক্যাশিফাই-এর সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ৭০ শতাংশ নিজেদের তাঁদের ডেটা ও গোপনীয়তা নিয়ে সন্দিহান থাকায় পুরোনো স্মার্টফোন বিক্রি করতে চান না। প্রায় ৮০০০ মানুষের উপর করা একটি সমীক্ষায় প্রতি চারজনের মধ্যে তিনজন বলেছেন, ফোন বিক্রি করার পর তাতে সংরক্ষিত ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে বলে তাঁরা আশঙ্কা করেন। আজকাল মানুষের স্মার্টফোনে প্রায়ই ব্যাঙ্কের নানা ডিটেইলস থাকে। এগুলো ফাঁস হয়ে গেলে গুরুতর সমস্যা হতে পারে বলে আশঙ্কা থাকে সকলের।
তবে ক্যাশিফাই বলছে, ভারতে ব্যবহৃত স্মার্টফোনের বাজার দ্রুতগতিতে বাড়ছে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকই জানিয়েছেন যে, তাঁরা আগে কখনও না কখনও তাঁদের পুরোনো স্মার্টফোন বিক্রি করেছেন। তবে ফোনে থাকা ব্যক্তিগত তথ্য নিয়ে তাঁরা উদ্বেগে থাকেন। যদিও ফোন ফ্যাক্টরি ডেটা রিসিট করার পরেই তাঁরা সেগুলো বিক্রি করেছেন।
সমীক্ষা অনুসারে, প্রায় ৪৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ডেটার গোপনীয়তা ও নিরাপত্তা তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে ২৯.৫ শতাংশ ফোনের ভ্যালুকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন।