
Jio, Airtel না BSNL, ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিডে কে এগিয়ে? আর সেই উত্তরটা অবশেষে মিলল। ব্রডব্যান্ড পরিষেবার পারফরম্যান্সে দেশের সেরা সংস্থা হিসেবে উঠে এল Bharti Airtel। বুধবার ভারতের ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে লেটেস্ট রিপোর্ট প্রকাশ করেছে Opensignal। দেশের প্রথম সারির ব্রডব্যান্ড পরিষেবাদাতাদের পারফরম্যান্স এবং গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে এই রিপোর্টে।
রিপোর্ট অনুযায়ী, পরীক্ষার পাঁচটি বিভাগেই শীর্ষস্থান দখল করেছে Airtel। পিছনে পড়ে গিয়েছে Reliance Jio এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL।
সবদিক থেকেই এগিয়ে Airtel
স্বাধীন অ্যানালিটিক্স সংস্থা Opensignal-এর রিপোর্টে পাঁচটি বিভাগেই সেরা হয়েছে Airtel। বিভাগগুলি হল- ব্রডব্যান্ড রিলায়েবিলিটি এক্সপেরিয়েন্স, ব্রডব্যান্ড কনসিসটেন্ট কোয়ালিটি, ডাউনলোড স্পিড, আপলোড স্পিড এবং ব্রডব্যান্ড ভিডিও এক্সপেরিয়েন্স।
ইন্টারনেট সংযোগের নির্ভরযোগ্যতা পরীক্ষায় Airtel পেয়েছে ৪৮৬ পয়েন্ট। Opensignal-এর স্কেলে সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ১,০০০ পয়েন্ট। এই বিভাগে Jio পেয়েছে ৪২৩ পয়েন্ট।
ডাউনলোড ও আপলোড স্পিডেও এগিয়ে রয়েছে Airtel। সংস্থার ব্রডব্যান্ড স্পিড Jio-র তুলনায় প্রায় ২৬ থেকে ২৭ শতাংশ বেশি।
তবে স্পিডের বিভাগে কড়া প্রতিদ্বন্দ্বিতা করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL। ডাউনলোড স্পিডে Airtel-এর থেকে মাত্র ০.৫ Mbps পিছিয়ে রয়েছে BSNL। আপলোড স্পিডে ব্যবধান মাত্র ০.৮ Mbps।
ওয়্যারলেস হোম ইন্টারনেটেও এগিয়ে Airtel
বর্তমানে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস বা FWA পরিষেবার জনপ্রিয়তা বাড়ছে। এই পরিষেবার মধ্যে রয়েছে প্লাগ-অ্যান্ড-প্লে 5G হোম ইন্টারনেট ডিভাইস। যেমন Airtel Xstream AirFiber এবং JioAirFiber। এই বিভাগেও শীর্ষস্থান দখল করেছে Airtel।
রিপোর্ট অনুযায়ী, Airtel-এর গড় ডাউনলোড স্পিড ৩২.৪ Mbps। সেখানে Jio-র এভারেজ ডাউনলোড স্পিড ২৫.৭ Mbps।
আপলোড স্পিডের ক্ষেত্রেও এগিয়ে Airtel। এই সংস্থার গড় আপলোড স্পিড ২০.৭ Mbps। অন্যদিকে, Jio-র ক্ষেত্রে এই গতি ১৭.১ Mbps।
শুধু স্পিড নয়, FWA পরিষেবার নির্ভরযোগ্যতা এবং ধারাবাহিক মানের পরীক্ষাতেও Jio-কে পিছনে ফেলেছে Airtel। নির্ভরযোগ্যতার পরীক্ষায় Airtel পেয়েছে ৪৫০ পয়েন্ট। Jio-র ঝুলিতে রয়েছে ৩৮২ পয়েন্ট।
ধারাবাহিক মানের পরীক্ষায় Airtel-এর স্কোর ৬৬.২ শতাংশ। Jio পেয়েছে ৫৫ শতাংশ। এই পরীক্ষায় HD ভিডিও স্ট্রিমিংয়ের মতো কাজ কতটা নির্বিঘ্নে করা যায়, তা খতিয়ে দেখা হয়। অর্থাৎ, Airtel-এর প্রায় দুই-তৃতীয়াংশ ইন্টারনেট পরীক্ষায় নির্ধারিত মান পূরণ হয়েছে। Jio-র ক্ষেত্রে এই হার অর্ধেকের সামান্য বেশি।
গ্রাহক সংখ্যায় এখনও এগিয়ে Jio
ব্রডব্যান্ড এবং FWA দুই ক্ষেত্রেই পারফরম্যান্সের নিরিখে Airtel শীর্ষস্থান দখল করেছে। তবে গ্রাহক সংখ্যার বিচারে এখনও দেশের বাজারে এগিয়ে Reliance Jio।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI-এর ২০২৬ সালের অগাস্টের তথ্য অনুযায়ী, ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবায় Jio-র গ্রাহক সংখ্যা ১ কোটি ৪৮ লক্ষ। দ্বিতীয় স্থানে রয়েছে Airtel। তাদের গ্রাহক সংখ্যা ১ কোটি ১৪ লক্ষ।
অন্যদিকে BSNL-এর গ্রাহক সংখ্যা ৪৬ লক্ষ। অর্থাৎ, পারফরম্যান্সে Airtel এগিয়ে থাকলেও গ্রাহক সংখ্যার নিরিখে এখনও দেশের ব্রডব্যান্ড বাজারে শীর্ষে Jio।