
গতবছর সেপ্টেম্বরে জিএসটি রেটে বদল এনেছিল কেন্দ্রীয় সরকার। যার ফলে কিছু ব্র্যান্ডের সমস্যা হয়েছিল। বিশেষত, যাদের প্রোফাইলে ৩৫০ সিসি-এর থেকে বড় ইঞ্জিনের বাইক ছিল, তারাই পড়েছিল বিপদে। আর সেই তালিকায় ছিল বাজাজের নামও।
তবে সেই সমস্যা মুক্তির জন্য চেষ্টার কোনও কমতি রাখেনি বাজাজ। তাদের পক্ষ থেকে খবর, বাজাজ ডমিনারের দাম কমানো হতে পারে।
জানা যাচ্ছে, ৩৭৩ সিসি-এর ইঞ্জিনকে এবার ৩৫০ সিসির-এর ইঞ্জিনে আনতে চলেছে সংস্থা। এর মাধ্যমেই মানুষের কাছে জিএসটি ছাড়ের সুবিধা তুলে দিতে চাইছে বাজাজ। আর ইতিমধ্যেই এই নয়া ভার্সনের ডমিনারের ভিডিও সকলের সামনে চলে এসেছে।
দামে কতটা প্রভাব পড়বে?
সংস্থার পক্ষ থেকে এখনও ডমিনার ৩৫০-এর দাম জানান হয়নি। যদিও মনে করা হচ্ছে, আগের থেকে মোটামুটি ৪০,০০০ টাকা কমতে পারে দাম। শুধুমাত্র ইঞ্জিনের সিসি কমানোর ফলেই এই লাভ মিলবে বলে খবর।
বাজাজ ডমিনার ৪০০-এর দাম মোটামুটি ২.৪০ লক্ষ টাকা। তবে নতুন ভার্সনের দাম কমে হতে পারে ১.৯৯ লক্ষ টাকা। যদিও এই দুই দামই এক্স শো রুম। এর উপর ট্যাক্স এবং আরও কিছু খরচ যোগ হতে পারে।
কী কী ফিচার থাকবে?
যতদূর খবর, এর ডিজাইন বদলাবে না। একাধিক ভিডিও এবং ফটোতে এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে গিয়েছে। পাশাপাশি বাজাজ এখনও এই বাইককে ডমিনার ৪০০ বলেই ডাকছে। ইঞ্জিনের সিসি কমলেও নামে বদল হয়নি।
এই বাইকে থাকবে এলইডি হেডল্যাম্প। পাশাপাশি ৪৩এমএম ইউএসডি ফর্কস এবং অ্যাডজাস্টেবল মনোশক থাকবে রেয়ারে। সেই সঙ্গে এতে পাবেন ১৭ ইঞ্চির চাকা। চাকার দুই দিকেই ডিস ব্রেক রয়েছে। ডুয়াল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, রাইড মোড এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ আরও ফিচার মিলবে। এছাড়া এই বাইকের এক্সহস্ট ডিজাইন একই রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আগের ভার্সনের সঙ্গে শুধু দাম এবং ইঞ্জিনের ক্ষেত্রেই তফাত রয়েছে। নতুন এই বাইকে ৩৫০ সিসি-এর ইঞ্জিন থাকবে। পাশাপাশি এর দাম হবে ৪০০০ হাজার কম। এতে ৩৯ পিএস পাওয়ার এবং ৩৩.৫ এনএম পিক টর্ক থাকবে। এই বাইকে ৬ স্পিড গিয়ারবক্স থাকার সম্ভাবনা রয়েছে।