
ওয়ানপ্লাস বন্ধ হয়ে যাওয়ার জল্পনা আগেই ছিল। এরইমধ্যে নয়া জল্পনা। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, এবার Realme-র সঙ্গে মিশে যাচ্ছে OnePlus। ফলে কোম্পানির অভ্যন্তরে একাধিক পরিবর্তন আসবে। ওয়ানপ্লাস ইন্ডিয়ার CEO রবিন লিউ ইতিমধ্যেই পদত্যাগ করেছেন।
ইন্ডিয়াটুডে-র সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ওয়ানপ্লাস এবং রিয়েলমি আনুষ্ঠানিকভাবে মিশে যেতে চলেছে। ফলে এই দুটি স্মার্টফোন ব্র্যান্ড বিশ্বব্যাপী এবং চিনে একসঙ্গে কাজ করবে। তবে দুটি কোম্পানিই মার্কেটিং ও সার্ভিস আলাদা রাখবে। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, দুই মোবাইল কোম্পানির যৌথ টিম পিট লাউয়ের কাছে রিপোর্ট করবে। তবে, ওয়ানপ্লাস ইন্ডিয়া বা রিয়েলমি কেউই এখনও এ বিষয়ে কোনও অফিসিয়াল তথ্য জানায়নি।
একাধিক রিপোর্টে জানানো হয়েছে, ওয়ানপ্লাস ইউরোপে তাঁদের কাজ বন্ধ করে দিচ্ছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, সম্ভবত সেখানে বড় আকারের কর্মী ছাঁটাই হতে চলেছে। তবে ভারতে কাজ চলবে। রবিন লিউ-এর পদত্যাগকে ব্যক্তিগত বলে দাবি করেছে কোম্পানি। প্রাক্তন CEO নিজেও দাবি করেছেন, ভারতে Oneplus নিজেদের কাজ চালিয়ে যাবে।
Oneplus ব্যবহারকারীরা কোথায় সার্ভিস করাবেন?
গ্রাহকদের ক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই। কারণ, Oneplus Realme-এর সঙ্গে মিললেও ভারতে আপাতত ওয়ানপ্লাসের সার্ভিস সেন্টার ও সেলস টিমের কাজ চলবে। ফলে Oneplus ব্যবহারকারীরা নিজেদের পুরনো জায়গাতে সার্ভিস করাতে পারবেন।
নতুন ফোন আনছে Oneplus
টালমাটাল জল্পনার মধ্যেই ওয়ানপ্লাস ৭ মে ভারতে দুটি নতুন মোবাইল লঞ্চ করছে। এরমধ্যে একটি হল নর্ড সিই6 এবং অন্যটি সিই৬ লাইট। দুটিই কোম্পানির সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট।
Oneplus-এর তরফে আসন্ন সিরিজটির বেশ কিছু ফিচারও সামনে আনা হয়েছে । এই সিরিজে থাকবে ৮০০০এমএএইচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর।