
দাম বাড়তে চলেছে Triumph মটোর সাইকেলের। সংস্থার এক ডিলারের সূত্রে এমনটাই জানা গিয়েছে। মূলত এই সংস্থার ৪০০ রেঞ্জের সব বাইকের দাম বৃদ্ধির কথা ঘোষণা হতে পারে।
৪০০ সিরিজের Triumph স্পিড টি৪, Triumph স্পিড ৪০০, স্ক্যাম্বলার ৪০০এক্স এবং Triumph থ্রুক্সটন ৪০০-এর দাম বাড়তে চলেছে। এই সব বাইকের দাম ১ জুন থেকে বাড়তে পারে বলে জানা গিয়েছে।
যদিও সংস্থার পক্ষ থেকে সরকারিভাবে কিছুই জানান হয়নি। তবে মুম্বইয়ের কিছু ডিলার এই বিষয়টার দিকে ইঙ্গিত দিয়েছে। যতদূর খবর, সব বাইকের দাম মোটামুটি ৫০০০ থেকে ১০০০০ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে।
২০২৬-এর শুরুতে কমেছিল দাম
এই বছরের শুরুতেই Triumph ৪০০ রেঞ্জের সব বাইককে আপডেট করেছিল সংস্থা। এই সব বাইকের ইঞ্জিন করা হয়েছিল ৩৫০ সিসির। তাতেই জিএসটি ছাড়ের সুবিধা মিলছিল।
আসলে সেপ্টেম্বর মাসে সরকার ঘোষণা করে যে ৩৫০ সিসি বাইকের ইঞ্জিনের ক্ষেত্রে মোটামুটি ১৮ শতাংশ জিএসটি রাখা হবে। তবে চলতি বছরের আগে Triumph বাইকের ক্রেতারা এই সুবিধা পাচ্ছিলেন না। যদিও তারপরই গাড়িতে নতুন ইঞ্জিন লাগায় সংস্থা। তারপরই এই বাইকের দাম কমতে থাকে। সেই সময় Triumph স্ক্র্যাম্বলার ৪০০ এবং থ্রুক্সটন ৪০০-এর দাম ১০০০০ টাকা এবং ১১০০০ টাকা করে কমে যায়।
এখন আগের মতোই থাকবে দাম
তবে বর্তমানে আবার পরিস্থিতি বদলে গিয়েছে। সূত্রের খবর, সংস্থা সিদ্ধান্ত নিয়েছে এই বাইকের দাম বাড়িয়ে নেওয়ার। আর কোম্পানি এই কাজটা করে ফেললেই আগের মতোই বেড়ে যাবে মটোরসাইকেলের দাম। যার সহজ অর্থ দাঁড়াল ইঞ্জিনের সাইজ ছোট হয়ে গেল কিন্তু দাম হয়ে গেল একই।
বর্তমানে Triumph স্পিড টি৪ হল এই সিরিজের সব থেকে সস্তার বাইক। তবে ইঞ্জিন ছোট করার পরও এই বাইকের দাম কমেনি। আর এখন এই সিরিজের সব বাইকেই এই কাজটা হতে চলেছে বলে খবর মিলছে।