
WhatsApp সম্প্রতি ইউজারনেম ফিচারটি ঘোষণা করেছিল। তারপর থেকে, এই ফিচারটি বিতর্কের মধ্যে পড়েছে এবং এখনও চালু করা হয়নি। তবে, এখন আরেকটি ফিচার আসছে যা অনেক ব্যবহারকারীই সম্ভবত পছন্দ করবেন। হোয়াটসঅ্যাপের এই আসন্ন ফিচারটির মাধ্যমে, অপর প্রান্তের ব্যক্তি অনলাইনে আছেন কিনা তা দেখার জন্য ইউজারদের আর চ্যাট খোলার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপ এখন কন্ট্যাক্টের প্রোফাইল ফটোতে একটি ছোট সবুজ ডট দেখানোর পরিকল্পনা করছে। এই ডটটি নির্দেশ করবে যে ব্যবহারকারী বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন।
বর্তমানে, এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ের বিটা সংস্করণে নির্বাচিত ইউজারদের জন্য চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে, আপনি যখন কোনও কন্ট্যাক্টের চ্যাট ইনফো স্ক্রিন খুলবেন, তখন তিনি অনলাইনে থাকলে তার প্রোফাইল ফটোর উপর একটি ছোট সবুজ ডট দেখা যাবে। তিনি হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট করলেই এই ডটটি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে।
এখন পর্যন্ত, হোয়াটসঅ্যাপ কেবল লিখে Online দেখাতো, যার জন্য চ্যাটটি খুলতে হতো। এখন, কোম্পানিটি এই লেখাটির পরিবর্তে একটি সবুজ ডট দেখাচ্ছে, যার মাধ্যমে অপর প্রান্তের ব্যক্তিটি সক্রিয় আছেন কিনা তা দ্রুত বোঝা যাবে। কোম্পানিটি মনে করে, এটি ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করবে। তবে, এই ফিচারটি সবার কাছে দৃশ্যমান হবে না। যদি কোনও ইউজার তাঁর প্রাইভেসি সেটিংসে অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখেন, তাহলে তাঁর প্রোফাইলে সবুজ ডটটি দেখা যাবে না।
হোয়াটসঅ্যাপ এই ফিচারটিকে তার বিদ্যমান প্রাইভেসি সেটিংসে যুক্ত করেছে। আপনি যদি কাউকে আপনার অনলাইন স্ট্যাটাস দেখার অনুমতি না দিয়ে থাকেন, তাহলে এই নতুন সাইনটি দেখা যাবে না। বর্তমানে, গ্রিন ডটটি শুধুমাত্র চ্যাট ইনফো স্ক্রিনেই সীমাবদ্ধ। এটি চ্যাট লিস্ট বা হোম স্ক্রিনে দেখা যায় না। তবে, বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ এটিকে অ্যাপের অন্যান্য অংশেও প্রসারিত করতে পারে, যার ফলে অনলাইন কন্ট্রাক্টদের শনাক্ত করা আরও সহজ হবে।
উল্লেখ্য যে, এই ফিচারটি ইতিমধ্যেই ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম, ডিসকর্ড এবং আরও বেশ কয়েকটি মেসেজিং অ্যাপে রয়েছে। বর্তমানে এই ফিচারটি বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে, তবে এটি কবে চালু হবে তা বলা কঠিন। প্রায়শই, কোম্পানিগুলো বিটা টেস্টিংয়ের পর ফিচারগুলো আর চালু করে না। এখন দেখার কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে কবে এই ফিচারটি চালু করে।