
এখন অনেকেই শর্টস দেখতে পছন্দ করেন। তাঁরা সারক্ষণ স্ক্রল করতে করতে শর্টস দেখেন। ঘণ্টার পর ঘণ্টা একের পর এক ভিডিও দেখে কাটিয়ে দেন। একবারে নেশার মতো চলতে থাকে এই প্রক্রিয়া। তবে এর বিপরীতেও একদল রয়েছেন। তাঁরা আবার রোজ রোজ এই সব ভিডিও দেখতে পছন্দ করেন না। বরং তাঁরা এই সব ভিডিও এলে বিরক্ত হন। আর তাদের জন্যই একটা ভাল খবর এনেছে ইউটিউব। তারা জানিয়ে দিয়েছে, এবার থেকে কোনও ব্যবহারকারী চাইলেই শর্টস ভিডিও দেখা ছেড়ে দিতে পারেন। সেই ফিচার হয়েছে অ্যাক্টিভ।
আসলে কিছুদিন আগেই আমেরিকার আদালতে জরিমানার মুখে পড়ে ইউটিউব। আদালত জানায়, বাচ্চাদের মধ্যে শর্টস দেখার নেশা তৈরি হচ্ছে। এই সব ক্ষতিকারক কন্টেন্ট ছোটদের জন্য ভাল নয়। আর এই রায়ের পরই নড়েচড়ে বসে সংস্থা।
তাদের পক্ষ থেকে গত অক্টোবর মাসেই শর্টস দেখার লিমিট সেট করার একটা অপশন সামনে আনা হয়। এই অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা দৈনিক কতক্ষণ শর্টস দেখবেন, সেটা সেট করতে পারতেন। আর বর্তমানে এই নিয়মে আবার বড় বদল এনেছে সংস্থা।
এতদিন পর্যন্ত ইউটিউভ শর্টসের লিমিট ছিল ন্যূনতম ১৫ মিনিট। এখন অবশ্যই এর লিমিট বদলে দেওয়া হয়েছে। এখন থেকে এটা জিরো বা শূন্য মিনিটেও নামিয়ে আনা যাবে। অর্থাৎ সোজা ভাষায় আপনি চাইলে ইউটিউবে শর্টস দেখা একবারে বন্ধ করে দিতে পারেন।
সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, একবার শর্টস লিমিট শূন্যতে নামিয়ে দিলেই খেলা শেষ। এরপর থেকে ইউজারের কাছে ইউটিউব শর্টস আসবে না। তাঁরা অনায়াসে নিজেদের ফিড থেকে শর্টস বের করে দিতে পারেন।
মাথায় রাখতে হবে, শুধু ইউটিউব নয়, ইনস্টাগ্রাম এবং টিকটক, দুই সোশ্যাল মিডিয়াতেই শর্টসের লিমিট রয়েছে। টিকটকের ওয়েব ভার্সনেও এই লিমিট সেট করা যায়। আর এবার ইউটিউবও সেই ফিচার নিয়ে এল। তাতেই অনেক ইউজার উপকৃত হবেন।
কীভাবে এই ফিচারটা ব্যবহার করবেন?
নিজের ইউটিউব ফিড থেকে শর্টসকে বের করে দেওয়ার জন্য আপনাকে সেটিংসে যেতে হবে। সেখানে গিয়ে টাইম ম্যানেজমেন্ট অপশন পাবেন। সেখানে দিয়ে ইউটিউব শর্টস টাইম লিমিট অপশনটিতে ক্লিক করুন। সেটাকে সেট করুন শূন্যতে। তাহলেই ইউটিউবে শর্টস দেখতে পাবেন না। আর এটা সত্যিই একটা দারুণ ফিচার।