Advertisement

1st July 2026 Rule Change: রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড, ১ জুলাই থেকে দেশে এই ৫ বড় পরিবর্তন, দামি হবে গাড়িও

1st July 2026 Rule Change: প্রতি মাসের মতোই আগামী মাসটিও বেশ কিছু নতুন নিয়ম এবং বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এক নজরে দেখে নিন, আগামী মাসের এমনই ৫টি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

১ জুলাই থেকে বদল হবে একগুচ্ছ নিয়ম ১ জুলাই থেকে বদল হবে একগুচ্ছ নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jun 2026,
  • अपडेटेड 7:53 PM IST

জুনের প্রায় শেষ। আর মাত্র কয়েক দিন পরেই শুরু হতে চলেছে জুলাই মাস। প্রতি মাসের মতোই আগামী মাসটিও বেশ কিছু নতুন নিয়ম এবং বড়সড় পরিবর্তন (Rule Change From 1st July) নিয়ে আসতে চলেছে। এর মধ্যে যেমন থাকছে রান্নার গ্যাসের (LPG) দামের রদবদল, তেমনই বদলে যেতে চলেছে ক্রেডিট কার্ড সংক্রান্ত বেশ কিছু নিয়ম। এর পাশাপাশি, যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের পকেটেও টান পড়তে পারে। এক নজরে দেখে নিন, আগামী মাসের এমনই ৫টি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

১. প্রথম পরিবর্তন: রান্নার গ্যাসের দামে রদবদল

প্রতি মাসের পয়লা তারিখে দেশের সাধারণ মানুষের নজর থাকে তেল কোম্পানিগুলির এলপিজি সিলিন্ডারের দাম সংশোধনের দিকে। কারণ, এর সরাসরি প্রভাব পড়ে মধ্যবিত্তের রান্নাঘরের বাজেটে। আমেরিকা-ইরান দ্বন্দ্বের জেরে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার ফলে ইতিমধ্যেই বেশ কয়েকবার গ্যাসের দাম বেড়েছে। গত ১ জুন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৩.৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল, যার ফলে দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম পৌঁছয় ৩১১৩.৫০ টাকায়। ৫ কেজির সিলিন্ডারের দামেও বৃদ্ধি দেখা গিয়েছিল। তবে স্বস্তির বিষয় ছিল যে, ১৪ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। জুলাইয়ের শুরুতে এই দামে ফের কোনও পরিবর্তন আসে কি না, সেটাই এখন দেখার।

২. দ্বিতীয় পরিবর্তন: এটিএফ-এর (ATF) দাম সংশোধন

জুলাইয়ের প্রথম দিন থেকে দ্বিতীয় বড় পরিবর্তনটি মূলত বিমানযাত্রীদের প্রভাবিত করবে। তেল কোম্পানিগুলি প্রতি মাসের শুরুতে শুধুমাত্র এলপিজি-র দামই পরিবর্তন করে না, বরং এয়ার টারবাইন ফুয়েল বা এটিএফ-এর (ATF) দামেও রদবদল করে থাকে। বিমানের জ্বালানির দাম বাড়লে স্বভাবতই বিমানযাত্রার খরচও বৃদ্ধি পায়। আবার দাম কমলে বিমানের ভাড়াও সস্তা হওয়ার সম্ভাবনা থাকে।

৩. তৃতীয় পরিবর্তন: এইচডিএফসি (HDFC) ক্রেডিট কার্ডের নিয়মে বদল

আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তবে ১ জুলাই ২০২৬ তারিখটি আপনার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইচডিএফসি ব্যাঙ্ক রেগালিয়া গোল্ড (Regalia Gold) ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ঘরোয়া এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসের ফ্রি পরিষেবা পেতে হলে এখন থেকে ত্রৈমাসিক খরচের একটি নির্দিষ্ট সীমা পার করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ত্রৈমাসিকে এই ফ্রি লাউঞ্জ পরিষেবা উপভোগ করতে হলে গ্রাহকদের আগের ত্রৈমাসিকে ন্যূনতম ৬০,০০০ টাকা খরচ করতে হবে।

Advertisement

৪. চতুর্থ পরিবর্তন: বিনামূল্যে আধার (Aadhaar) আপডেট

জুলাইয়ের শুরুতেই আধার কার্ড ব্যবহারকারীদের জন্য একটি বড় স্বস্তির খবর নিয়ে আসছে ইউআইডিএআই (UIDAI)। প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, আপনার আধার কার্ডে যদি এখনও ইমেল আইডি আপডেট করা না থাকে, তবে ১ জুলাই থেকে তা সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। আধার কার্ডে ইমেল আপডেটের এই ফ্রি পরিষেবাটি আগামী ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ ৬ মাসের জন্য উপলব্ধ থাকবে। আগে এই আপডেটের জন্য গ্রাহকদের ৭৫ টাকা চার্জ দিতে হত।

৫. পঞ্চম পরিবর্তন: দামি হচ্ছে গাড়ি

জুলাইয়ের প্রথম দিন থেকেই নতুন গাড়ি ক্রেতাদের পকেটে কিছুটা বেশি চাপ পড়তে চলেছে। কিয়া (KIA) মোটরস-সহ বেশ কিছু নামীদামি অটোমোবাইল সংস্থা তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। কিয়া তাদের গাড়ির দাম ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করেছে। পিছিয়ে নেই টাটা মোটরসও (Tata Motors)। জানা গিয়েছে, আইসিই (ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন) এবং ইভি (EV), উভয় মডেলের গাড়ির দামই ১.৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে টাটা।

 

Read more!
Advertisement
Advertisement