
আমজনতাকে স্বস্তি দিতে নতুন উদ্যোগ নিয়েছে BPCL। নয়া গ্যাস কানেকশন নেওয়া গ্রাহকদের এখন থেকে LPG সিলিন্ডার পেতে আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না, সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে কানেকশন। একটি ১০ কেজির LPG সিলিন্ডার লঞ্চ করে এই বার্তা দিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।
দ্য মিন্ট-এর একটি রিপোর্ট অনুসারে, বিপিসিএল ‘ভারতগ্যাস লাইট জিপ’ নামে একটি নতুন পরিষেবা চালু করে প্রিমিয়াম এলপিজি বাজারে এন্ট্রি নিয়েছে। এই নতুন পরিষেবার আওতায় গ্রাহকেরা খুব দ্রুত LPG কানেকশন পান ও সিলিন্ডার পান।
এমন একটি সময়ে কোম্পানি এই সিলিন্ডারটি চালু করেছে, যখন ভূ-রাজনৈতিক উত্তেজনা বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের কারণ হয়ে উঠেছে। অন্যদিকে, তেল কোম্পানিগুলো রান্নার গ্যাসের পরিষেবা আরও দ্রুত ও সুবিধাজনক করার জন্য প্রতিযোগিতায় নেমেছে। এবার জেনে নেওয়া যাক এই ১০ এই গ্যাস সিলিন্ডারের দাম কত এবং কীভাবে এই সিলিন্ডারের কানেকশন পেতে পারেন।
বিপিসিএল জানিয়েছে, ব্যস্ত শহরগুলিতে বসবাসকারী গ্রাহকদের জন্য ভারতগ্যাস লাইট জিপ পরিষেবা চালু করা হয়েছে। এই পরিষেবার লক্ষ্য হলো নতুন এলপিজি সংযোগ নেওয়া এবং সিলিন্ডার অর্ডার করা—উভয় প্রক্রিয়াকেই সহজ করা। পরিষেবাটি প্রাথমিকভাবে মুম্বাইতে চালু করা হয়েছে। বিপিসিএল জানিয়েছে, আগামী ১৫ অগাস্টের মধ্যে ২৪টি রাজ্যের আরও ১০০টি শহরে ভারতগ্যাস লাইট জিপ প্রকল্পটি ছড়িয়ে দেওয়া হবে। আশা করা হচ্ছে, সেই তালিকায় পড়বে কলকাতাও।
১০ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কত হবে?
যদি কলকাতার নিরিখে দেখা হয়,তবে কলকাতায় ৫ কেজি সিলিন্ডারের দাম ৩৫৮.০ টাকা। অন্যদিকে ১৪.২ কেজি গার্হস্থ্য় সিলিন্ডারের দাম রয়েছে ৯৬৮ টাকা। অন্যদিকে, ১০ কেজি সিলিন্ডারের দাম এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে প্রথম বুকিংয়ে ৩,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে খরচ হবে। এরপর, ১০ কেজি সিলিন্ডারের দাম ৭০০-৭৫০ টাকার মধ্যে হতে পারে। তবে সরকারের তরফে এখনও কোনও দাম সংক্রান্ত তথ্য জানানো হয়নি।
সুইগি-র সঙ্গে পার্টনারশিপ করেছে HPCL
দ্রুত ডেলিভারি করার জন্য ইতিমধ্যেই নয়া পদক্ষেপ নিয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)। এই কোম্পানিটি পার্টনারশিপ করেছে সুইগি-র সঙ্গে। সুইগি ইন্সটামার্ট বুক করার কিছুক্ষণের মধ্যেই ওই সিলিন্ডার ডেলিভারি দিচ্ছে HPCL গ্রাহকদের।