
পুজোর মাস পড়তে না পড়তেই বেড়ে গেল গ্যাসের দাম। ১ অক্টোবর মধ্যরাত থেকেই ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতায় এবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে দাঁড়াবে ২ হাজার ৯৫৪ টাকা। তবে বাড়ির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।
উল্লেখ্য, এপ্রিল মাসে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২ হাজার ২০৮ টাকা। তখন বেড়েছিল ২১৯ টাকা ৫০ পয়সা। মে মাসে এক ধাক্কায় দাম বাড়ে ৯৯৪ টাকা, পৌঁছোয় ৩ হাজার ২০২ টাকায়। জুনেও ৫৩ টাকা ৫০ পয়সা বেড়ে হয় ৩ হাজার ২৫৫ টাকা ৫০ পয়সা। এরপর পরপর ২ মাস দাম কমেছিল। জুলাইয়ে ১৭৪ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় ৩ হাজার ৮১ টাকা ৫০ পয়সা। অগাস্টে আরও ২০৯ টাকা কমে দাম দাঁড়ায় ২ হাজার ৮৭২ টাকা। গত মাসের প্রথম তারিখেই ১৯ কেজির বাণিজ্যিক এই সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। ১১টাকা ৫০ পয়সা দাম বেড়েছিল সেপ্টেম্বরে। কলকাতায় দাম হয়েছিল ২ হাজার ৮৮৪ টাকা। এবার আরও ৭০ টাকা বাড়িয়ে দেওয়া হল এক লাফে।
পুজোর মরশুমে বাণিজ্যিক গ্যাসের এই লাগাতার মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁয় খরচ অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মিষ্টির দোকান এবং ক্যাফেগুলিও খাবারের খরচ বাড়িয়ে দিতে পারে।
পুজো শেষ হতে না হতেই পড়বে বিয়ের মরশুম। সেখানেও ক্যাটারিংয়ের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে।
তবে আপাতত ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার আগের মতোই ৯৬৮ টাকা থাকছে।