
নতুন Pulsar 125 আনল Bajaj। নাম থেকেই স্পষ্ট, 125cc বাইক। এই মডেল আগেই ছিল। 2026 সালের নতুন ভার্সান আনল বাজাজ। তবে এবার শুধু সামান্য ডিজ়াইন বদল নয়। নতুন ইঞ্জিন, নতুন চ্যাসি, মনোশক সাসপেনশন এবং 5-ইঞ্চি TFT ডিসপ্লে-সহ একাধিক বড় আপডেট এসেছে। দামও সামান্য বেড়েছে। তবে ফিচার্সে ঠাসা। ফলে TVS Raider 125, Hero Glamour X 125 এবং Honda Shine 125-এর মার্কেটে এবার পালসারের থাবা বসানোর সম্ভাবনা প্রবল।
নতুন ইঞ্জিন, বাড়ল পাওয়ার
2026 Bajaj Pulsar 125-এর সবচেয়ে বড় পরিবর্তন নতুন ইঞ্জিন। পুরনো মোটরের বদলে নতুন 125cc, এয়ার-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে বাজাজ।
নতুন ইঞ্জিন থেকে পিক 12.1 PS পাওয়ার 8,500 rpm-এ। পিক টর্ক 11.4 Nm, 6,500 rpm-এ।
অর্থাৎ আগের মডেলের তুলনায় পাওয়ার এবং টর্ক; দুই ক্ষেত্রেই সামান্য বৃদ্ধি হয়েছে। তবে বাস্তবে নতুন ইঞ্জিনের মাইলেজ এবং পারফরম্যান্স কেমন হবে, তা রাস্তায় চালানোর পরেই স্পষ্ট হবে।
ইঞ্জিন কভারেও বদল এসেছে। গ্লস-ব্ল্যাক ফিনিশের নতুন কভার আসায় আগের তুলনায় কিছুটা বেশি প্রিমিয়াম লুক দিয়েছে।
পিছনে মনোশক, বদলেছে চ্যাসিও
শুধু ইঞ্জিন নয়, বাইকের ভিতরের কাঠামোতেও বড় পরিবর্তন করেছে বাজাজ। নতুন Pulsar 125-এ রয়েছে সিঙ্গল-ক্রেডল টিউবুলার ফ্রেম। আগের মডেলে ছিল ডুয়াল-ক্রেডল সেটআপ।
আরও বড় বদল পিছনের সাসপেনশনে। আগের Pulsar 125-এ টুইন শক অ্যাবজ়র্বার ছিল। নতুন মডেলে মনোশক সাসপেনশন। সামনে অবশ্য টেলিস্কোপিক ফর্কই রাখা হয়েছে।
দুই চাকাতেই 17-ইঞ্চি অ্যালয় হুইল। সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। CBS-ও স্ট্যান্ডার্ড হিসাবে থাকছে।
5-ইঞ্চি TFT ডিসপ্লে
নতুন Pulsar 125-এর অন্যতম বড় আকর্ষণ 5-ইঞ্চি TFT কনসোল। 125cc সেগমেন্টের এই বাইকে এমন কানেক্টেড ফিচার নিঃসন্দেহে নজর কাড়বে। স্ক্রিন বেশ ঝকঝকে। এ যেন বাইকের সামনে ছোটখাটো ফোনের স্ক্রিন দেওয়া।
স্মার্টফোন কানেক্টিভিটির পাশাপাশি থাকছে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, Google Maps মিররিং, কল ও SMS অ্যালার্ট এবং মিউজ়িক কন্ট্রোল। এই সেগমেন্টে ভাবা যায় না।
এমনকি ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ নথি রাখার সুবিধাও দেওয়া হয়েছে।
মাইলেজ বাড়াতে নতুন প্রযুক্তি
শহরের ব্যস্ত রাস্তায় জ্বালানি বাঁচানোর জন্য নতুন Pulsar 125-এ রয়েছে সুইচেবল আইডল স্টার্ট/স্টপ প্রযুক্তি। বাইক দাঁড়িয়ে থাকলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এবং প্রয়োজন হলে ফের চালু হবে।
এর সঙ্গে রয়েছে সাইলেন্ট স্টার্টার। শহরের ট্রাফিকের মতো বার বার থামা-চলার পরিস্থিতিতে এই প্রযুক্তি জ্বালানি সাশ্রয়ে সাহায্য করতে পারে।
ডিজ়াইনেও বড়সড় বদল
নতুন Pulsar 125-কে আরও অ্যাগ্রেসিভ লুক দেওয়ার চেষ্টা করেছে বাজাজ। সামনের হেডলাইট কাউল আগের তুলনায় শার্প হয়েছে। মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক এক্সটেনশন অবশ্য Pulsar-এর পরিচিত ডিজ়াইন ধরে রেখেছে।
পিছনের অংশে নতুন LED টেল-লাইট। ফলে পুরনো Pulsar-এর চেনা লুক বজায় রেখেও বাইকটি আরও মডার্ন দেখাচ্ছে।
নতুন Pulsar 125 মোট চারটি রঙে পাবেন; Ebony Black Cyan Blue, Ebony Black Magenta Red, Fury Red এবং Saffire Blue।
Bajaj Pulsar 125 2026-এর দাম কত?
নতুন Pulsar 125 একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ভ্যারিয়েন্ট অনুযায়ী দামও আলাদা। বাজাজের দেওয়া তথ্য অনুযায়ী, এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 92,990 টাকা থেকে। সিঙ্গল সিট এবং স্প্লিট সিট; দুই ধরনের অপশন থাকছে।
সিঙ্গল-সিট মডেলে নরমাল গ্র্যাব রেল থাকছে। অন্য দিকে স্প্লিট-সিট ভার্সানে স্পোর্টি স্প্লিট গ্র্যাব রেল দেওয়া হয়েছে।