
গরম বাড়তেই বাড়ছে। মোটমুটি সব বাড়িতেই এসি চালানো শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরের মতোই, এই বছরও দেশের বিভিন্ন প্রান্তে এসি থেকে আগুন লাগার ঘটনা ঘটছে। সম্প্রতি দিল্লির বিবেক বিহারে এসি থেকে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। একই পরিবারের ৯ জনের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে। বিশেষজ্ঞদের মতে, এসিতে আগুন লাগার আগে বেশ কিছু লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলি আগে থেকে বুঝতে পারলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব।
গরমে স্বস্তি পেতে বহু মানুষ এখন নিয়মিত Air Conditioner ব্যবহার করছেন। তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অনেক সময় এসিই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হওয়া জরুরি, তা জেনে রাখা প্রয়োজন।
হঠাৎ গরম হাওয়া বেরোতে শুরু করলে
সাধারণত এসি ঠান্ডা হাওয়া দেয়। কিন্তু আচমকা যদি গরম হাওয়া বেরোতে শুরু করে, তা হলে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, এটি শর্ট সার্কিট বা কম্প্রেসর সমস্যার ইঙ্গিত হতে পারে। সেই সময় ধোঁয়া বা স্পার্ক দেখা গেলে দ্রুত নিরাপদ জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
পোড়া তারের গন্ধ
এসি চলার সময় যদি পোড়া তারের মতো গন্ধ আসে, তা হলে একেবারেই অবহেলা করা উচিত নয়। এই ধরনের গন্ধ সাধারণত ওয়্যারিং অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা শর্ট সার্কিটের লক্ষণ হতে পারে।
সে ক্ষেত্রে দ্রুত এসির সংযোগ বন্ধ করে বাড়ির বৈদ্যুতিক লাইন পরীক্ষা করা প্রয়োজন। প্রয়োজনে ইলেকট্রিশিয়ানের সাহায্য নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এসি থেকে ধোঁয়া বেরোলে
এসি চালানোর সময় ধোঁয়া বেরোতে দেখা গেলে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। প্রথমেই বাড়ির মেন সুইচ বন্ধ করে দেওয়া উচিত। কারণ বিদ্যুৎ সংযোগ চালু থাকলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
এর পর নিরাপদ জায়গায় চলে গিয়ে দমকল বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
তারে স্পার্কিং
এসি উচ্চ ভোল্টেজে কাজ করে। ফলে কোথাও তার কেটে গেলে বা অতিরিক্ত গরম হয়ে গেলে স্পার্কিং হতে পারে। এই স্পার্ক থেকেই বড় আগুন লাগার ঝুঁকি তৈরি হয়।
বিশেষজ্ঞদের মতে, পুরনো ওয়্যারিং, নিম্নমানের মাল্টিপ্লাগ বা অতিরিক্ত লোড থেকেও এই সমস্যা দেখা দিতে পারে।
অস্বাভাবিক শব্দ এবং কম কুলিং
এসি চলার সময় আচমকা অস্বাভাবিক শব্দ শুরু হলে বা কুলিং কমে গেলে সেটিও বিপদের ইঙ্গিত হতে পারে। কম্প্রেসর, ফ্যান মোটর বা বৈদ্যুতিক যন্ত্রাংশে সমস্যা থাকলে এই ধরনের লক্ষণ দেখা যায়।
এমন পরিস্থিতিতে এসি ব্যবহার বন্ধ রেখে দ্রুত সার্ভিসিং করানো উচিত বলে মত বিশেষজ্ঞদের।
কী করলে ঝুঁকি কমবে?
বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত এসি সার্ভিসিং করানো অত্যন্ত জরুরি। পাশাপাশি ভাল মানের ওয়্যারিং, আলাদা পাওয়ার লাইন এবং সঠিক ভোল্টেজ ব্যবহার করাও গুরুত্বপূর্ণ।
গরমে দীর্ঘ সময় টানা এসি চালালে মাঝেমধ্যে বিরতি দেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে। বিশেষ করে পুরনো এসির ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন।