
অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) এলেই কি ৭২ হাজার টাকার মিনিমাম স্যালারি? এই প্রশ্নই এখন ঘুরছে বিভিন্ন সরকারি কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এক কথায় এর উত্তর একটাই। এমন নানা পরিকল্পনা হলেও, এখনও সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আগামী ২৮ এপ্রিল থেকে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হতে চলেছে। সেখানে অষ্টম বেতন কমিশন সংক্রান্ত সমস্ত বিষয়ে আলোচনা হবে। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠক শুরু হচ্ছে ঠিকই। কিন্তু বেতন কত বাড়বে তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মী সংগঠন ও বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে বিপুল সংখ্যক বৈঠকের আবেদন এসেছে। ২৮ থেকে ৩০ এপ্রিলের মধ্যে দিল্লিতে এই বৈঠকগুলি হওয়ার কথা ছিল। তবে সময়ের অভাবে সব আবেদন এই তিন দিনে মেটানো সম্ভব নয়।
কমিশন জানিয়েছে, আগামিদিনে আরও বেশ কয়েক দফার বৈঠক হবে। শুধু দিল্লি নয়, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও এই বৈঠক হবে। অর্থাৎ শুধু দিল্লি নয়। বিভিন্ন রাজ্যেও গিয়ে কমিশনের টিম সরকারি কর্মীদের মতামত নেবে।
এর আগে ২৪ এপ্রিল উত্তরাখণ্ডের দেরাদুনে কমিশনের একটি টিম যাওয়ার কথাও ছিল। অর্থাৎ ধাপে ধাপে গোটা দেশে মতামত সংগ্রহের কাজ চলছে।
এদিকে, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন রিপোর্টে ৭২ হাজার টাকা ন্যূনতম বেতন নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই ভাবছেন, এটাই হয়তো নতুন বেসিক পে হতে চলেছে। কিন্তু বাস্তবটা একটু আলাদা।
বিশেষজ্ঞদের মতে, ৭২ হাজার টাকার এই সংখ্যা নিয়ে সরকারি তরফে কিছু বলা হয়নি। এটি বিভিন্ন হিসাব বা সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে তৈরি একটি অনুমান মাত্র।
কর্মী সংগঠন ন্যাশনাল কাউন্সিল–জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির (NC-JCM) তরফে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে মিনিমাম বেসিক পে ৬৯ হাজার টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ রাখার দাবি করা হয়েছে।
তবে এটিও চূড়ান্ত নয়। কারণ কমিশন এখনও পরামর্শ গ্রহণের পর্যায়েই রয়েছে। বিভিন্ন সংগঠন, কর্মী এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। সব দিক বিবেচনা করে তবেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারী কর্মীদের এখন কী করা উচিত?
এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় একটিই। সেটি হল গুজব থেকে দূরে থাকা। সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর না করে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করুন। অষ্টম বেতন কমিশন সংক্রান্ত সমস্ত আপডেট পেতে নজর রাখুন bangla.aajtak.in-এ।