Advertisement

অষ্টম পে কমিশন নিয়ে চলতি সপ্তাহেই বৈঠক কলকাতায়, ৬৯ হাজারে পৌঁছতে পারে বেসিক স্যালারি?

অষ্টম বেতন কমিশনের আওতায় বিরাট বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। চলতি সপ্তাহেই কমিশন আসছে কলকাতায়। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

অষ্টম পে কমিশন নিয়ে চলতি সপ্তাহেই বৈঠক কলকাতায়অষ্টম পে কমিশন নিয়ে চলতি সপ্তাহেই বৈঠক কলকাতায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 11:54 AM IST
  • অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্র সরকারি কর্মচারীদের মধ্যে চলছে জোরদার আলোচনা।
  • এই বেতন কমিশনের ফলে হাতে মোটা অঙ্কের টাকা বাড়তে পারে কেন্দ্রীয় কর্মীদের।
  • একইসঙ্গে প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী কর্মচারীরাও সরাসরি এরফলে লাভবান হতে পারবেন।

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্র সরকারি কর্মচারীদের মধ্যে চলছে জোরদার আলোচনা। আশা করা হচ্ছে, এই বেতন কমিশনের ফলে হাতে মোটা অঙ্কের টাকা বাড়তে পারে কেন্দ্রীয় কর্মীদের। প্রায় ৫৫ লক্ষ কর্মী সরাসরি ভাবে এই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। একইসঙ্গে প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী কর্মচারীরাও সরাসরি এরফলে লাভবান হতে পারবেন।

কর্মচারী ও পেনশনভোগীদের বেতন সংশোধনের লক্ষ্যে গঠিত অষ্টম বেতন কমিশন বর্তমানে দেশজুড়ে বিভিন্ন শহরে কর্মচারী সংগঠন, পেনশনভোগী এবং সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে। আজ এবং আগামীকাল অর্থাৎ ৬ ও ৭ জুলাই এই কমিশন বৈঠক করবে ওড়িশার ভুবনেশ্বরে। এরপর এই সপ্তাহেই দ্বিতীয় বৈঠক হবে কলকাতায়। আগামী ৯ ও ১০ জুলাই এই বৈঠক হবে।

এই বৈঠকগুলি গুরুত্বপূর্ণ কেন?

অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই-এর নেতৃত্বাধীন এই কমিশন দেশের বিভিন্ন প্রান্তে নানা কর্মচারী সংগঠন, পেনশন প্রাপক ও সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অষ্টম বেতন কমিশনের আলোচনার মধ্যে এমন আঞ্চলিক আলোচনাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্মচারী সংগঠন ও পেনশনভোগী সংস্থাগুলোর কাছ থেকে স্মারকলিপি পাওয়ার পর, কমিশন সুপারিশ তৈরির আগে সশরীরে মতামত শুনছে।

এই বৈঠকগুলো থেকে পাওয়া মতামত ন্যূনতম বেসিক বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর, মহার্ঘ ভাতা, পেনশন সংশোধন, অন্যান্য ভাতা এবং চাকরির শর্তাবলীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ প্রণয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

কত বেতন বৃদ্ধির জল্পনা চলছে?

সম্প্রতি কমিশনের কাছে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স একটি স্মারকলিপি জমা দিয়েছে। সেখানে ন্যূনতম বেসিক স্যালারি ৬৯,০০০ করার প্রস্তাবের পাশাপাশি, হাউস রেন্ট অ্যালাউন্স বৃদ্ধির দাবিও জানানো হয়েছে। সপ্তম বেতন কমিশনে যে বেসিক স্যালারি ১৮ হাজার টাকা রয়েছে, তা বাড়িয়ে ৬৮,৯৪০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। যদি এই শর্ত মেনে নেওয়া হয়, তবে তা যে কেন্দ্রীয় কর্মীদের জন্য অকাল দিওয়ালি আনবে তা বলাই বাহুল্য।

এছাড়াও সাড়ে ২৫ হাজারের বেসিক স্যালারি বেড়ে হতে পারে ৯৭ হাজার ৬৬৫ টাকা। ৩৫ হাজার ৪০০-এর বেসিক বেতন বেড়ে হতে পারে ১ লক্ষ ৩৫ হাজার ৫৮২ টাকা, ৪৪ হাজার ৯০০ টাকার বেসিক বেতন বেড়ে হতে পারে ১ লক্ষ ৭১ হাজার ৯৬৭ টাকা এবং ৫৬ হাজার ১০০ টাকার বেসিক বেতন বেড়ে হতে পারে ২ লক্ষ ১৪ হাজার ৮৬৩ টাকা।

Advertisement

তবে মনে রাখতে হবে এখন পর্যন্ত এগুলি শুধুমাত্র কর্মচারী সংগঠনের দাবি। এখন পর্যন্ত সরকার ফিটমেন্ট ফ্যাক্টরের মতো গুরুত্বপূর্ণ উপাদান, বা বেতন বৃদ্ধি সংক্রান্ত কোনও তথ্যই খোলসা করেনি। 

 

Read more!
Advertisement
Advertisement