
অষ্টম বেতন কমিশন গঠন করার ছয় মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। এমন পরিস্থিতিতে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মনে একটাই প্রশ্ন, ঠিক কবে থেকে কার্যকর হবে নতুন বেতন ও পেনশন? আর সেই উত্তর পেয়ে গেল IndiaToday.in।
মাথায় রাখতে হবে, অষ্টম বেতন কমিশনের বৈঠকে কর্মচারী সংগঠনগুলি একাধিক দাবি তুলে ধরেছে। তারা ফিটমেন্ট ফ্যাক্টর, ন্যূনতম বেতন, পেনশন সংশোধন, ডিএ মার্জার এবং বেতন কাঠামো পুনর্বিন্যাসের মতো একাধিক দাবি সামনে এনেছে। পাশাপাশি দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের। এমন পরিস্থিতিতেই অনেকে অধীর আগ্রহে নতুন বেতনের আশা করছেন।
এই বিষয়ে IndiaToday.in-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডা: মনজিৎ সিং প্যাটেল নতুন বেতন এবং পেনশন পাওয়ার দিনটা জানিয়ে দিলেন। তাঁর মতে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের সংশোধিত বেতন ও পেনশন ২০২৭ সালের এপ্রিল মাস থেকে পেতে পারেন।
কবে কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশন?
প্যাটেলের কথা অনুযায়ী, সরকার ২০২৫ সালের অক্টোবর মাসে অষ্টম বেতন কমিশন গঠন করে। নভেম্বর মাসে প্রকাশ করা হয় গেজেট নোটিফিকেশন। তারপর কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে।
তিনি বলেন, 'নভেম্বর থেকে ১৮ মাস হিসেব করলে সময়সীমা দাঁড়ায় প্রায় এপ্রিল-মে ২০২৭।' তাঁর মতে, কমিশন নির্ধারিত সময়সীমার আগেই কাজ শেষ করতে পারে।
তিনি আরও বলেন, 'যদি কমিশন নির্ধারিত সময়ের দু-তিন মাস আগেই রিপোর্ট জমা দেয়। তাহলে ২০২৭ সালের এপ্রিল থেকেই সংশোধিত বেতন কার্যকর হতে পারে।'
প্যাটেল জানান, এপ্রিল মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, তখন নতুন আর্থিক বছর শুরু হয়। তাই তাঁর বিশ্বাস, ২০২৭ সালের এপ্রিল থেকেই বাড়তি বেতন ও পেনশন চালু হতে পারে। যদিও বিশেষ প্রয়োজনে এক-দু’মাস দেরিও হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
কী বলছেন সরকারি কর্মচারীরা?
সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মতে, গত কয়েক বছরে অনেকটাই মূল্যবৃদ্ধি হয়েছে। যার ফলে সংসারের খরচ বেড়ে গিয়েছে।
পেট্রোল, ডিজেল, এলপিজি সিলিন্ডার, সবজি, দুধ, ভোজ্য তেল, প্যাকেটজাত খাদ্য এবং যাতায়াত খরচ, সব ক্ষেত্রেই দাম বেড়েছে।
কর্মচারী সংগঠনগুলির দাবি, ডিএ বৃদ্ধি সাময়িক স্বস্তি দেয়। সেটা দিয়ে মূল্যবৃদ্ধির পুরো চাপ সামলানো যায় না।
এই কারণেই কর্মচারী সংগঠনগুলি বেশি ফিটমেন্ট ফ্যাক্টর, ডিএ-কে বেসিক পে-র সঙ্গে যুক্ত করা এবং দ্রুত বেতন সংশোধনের দাবি তুলছে।
অনেক সংগঠনের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে বাড়িভাড়া, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও দৈনন্দিন খরচ সামলানো সরকারি কর্মচারীদের জন্য ক্রমশ কঠিন হয়ে উঠছে। তাই দ্রুত লাগু করা হোক অষ্টম বেতন কমিশন।
চলছে ধারাবাহিক বৈঠক
অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে কর্মচারী সংগঠন ও প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। দিল্লিতে ২৮ থেকে ৩০ এপ্রিল বৈঠক হয়, যেখানে বেতন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর, পেনশন, ভাতা এবং পুরনো পেনশন স্কিম নিয়ে আলোচনা হয়। এরপরও একাধিক বৈঠক হবে।