
বর্তমানে দেশে আধার কার্ডটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। ঠিকানা-সহ সচিত্র পরিচয়পত্র হওয়ায় এই ডকুমেন্টসটির গুরুত্ব রয়েছে। আধার কার্ডে নাগরিকদের তথ্যে গোপনীয়তা রক্ষা করতে এবং এর অপব্যবহার রোধ করতে নিয়মিত নিয়ম আপডেট করে কেন্দ্র। সাধারণ মানুষকেও সেই মোতাবেক আধার কার্ড আপডেট করতে হয়।
আধার আপডেট করার জন্য কত টাকা চার্জ দিতে হয়?
UIDAI আধার আপডেট করার জন্য নানা নির্দেশ জারি করে। তবে, আধারের কিছু নির্দিষ্ট আপডেট করার জন্য মানুষকে ফি দিতে হয়। কিন্তু, ১লা জুলাই থেকে ইউআইডিএআই একটি পরিষেবার উপর থেকে চার্জ তুলে নিচ্ছে। এটি আপডেট করার জন্য মানুষকে আর কোনো চার্জ দিতে হবে না।
ইমেইল অ্য়াড্রেস বিনামূল্যে আপডেট করা যাবে
একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আধার মোবাইল অ্যাপের মাধ্যমে ইমেল অ্য়াড্রেস আপডেট করার জন্য এখন থেকে আর কোনও ফি লাগবে না। এই নিয়মটি ১ জুলাই, ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত, অর্থাৎ ৬ মাসের জন্য কার্যকর থাকবে।
আগে ৭৫ টাকা ফি নেওয়া হত
আগে এই আধার আপডেট পরিষেবার জন্য ৭৫ টাকা খরচ হতো, কিন্তু জুলাই মাসের ১ তারিখ থেকে ইমেইল আপডেট ফ্রি'তে করা যাবে। বিশেষ বিষয় হল, ইমেল আইডি যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে, তাহলে সময়মতো সমস্ত প্রয়োজনীয় তথ্য ইমেইলেই পাওয়া যায়,তথ্য হারিয়ে যাওয়ার ভয় থাকে না।
শুধুমাত্র অ্যাপেই এই সার্ভিস পাওয়া যাবে
আধার কার্ড ব্যবহারকারীদের সুবিধার জন্য UIDAI সম্প্রতি আধার মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। ইমেইল অ্য়াড্রেস বিনামূল্যে আপডেট করার সুবিধা শুধুমাত্র এই অ্যাপেই পাওয়া যাবে। যেসব আধার ব্যবহারকারী আধার বিবরণ আপডেট করার জন্য অন্য কোনও পদ্ধতি বেছে নিচ্ছেন, তাদের UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রযোজ্য চার্জ দেখে নেওয়া উচিত।