
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ট্রেনের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি ট্রেনের 'হানিমুন কোচ'-এর ঝলক। আদতে, কেউ ট্রেনটির ফাস্ট এসি কোচের একটি কেবিনকে বাসর রাতের বিছানার মতো করে সাজিয়েছেন। হানিমুন স্যুটের মতো সাজানো এই ফাস্ট এসি কেবিনের ভিডিও ভাইরাল হতেই দ্বিধাবিভক্ত হয়ে যায় নেট দুনিয়া।
অনেকেই যেমন বিষয়টিকে দারুণ মজাদার বলেছেন, তেমনই কেউ কেউ প্রশ্ন করছেন, 'ট্রেনের বগি কি আদৌ এরকম করে সাজানো যায়?' ভিডিওটি ভাইরাল হতেই রেল কর্তৃপক্ষ এই প্রশ্নের উত্তর দিয়েছে।
VIDEO-তে কী দেখা যাচ্ছে?
ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের ফাস্ট এসি কোচের একটি কেবিন সাজানো হয়েছে, পুরো হানিমুন স্যুটের মতো। পুরো কেবিনটি রঙিন বেলুন, লেস এবং গোলাপ দিয়ে সাজানো। ভিতরের দেওয়ালে আটকানো হয়েছে অসংখ্য গোলাপ। নীচের মেঝেতেও ছড়ানো রয়েছে গোলাপ ও অন্যান্য ফুলের পাপড়িও।
এছাড়া, কেবিনের ছাদে অসংখ্য বেলুন আঠা দিয়ে লাগানো হয়েছে। শোয়ার জায়গাতে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা হয়েছে একটি 'হার্ট'। আবার দেওয়ালে লাগানো হয়েছে আলো। ফুলগুলির মাঝেও ছোট ছোট লাইট বসানো হয়েছে। কেবিনের ভেতরে থাকা ডাস্টবিনকে বানানো হয়েছে একটা দারুণ সুন্দর ফুলের তোড়ায়। দেওয়ালে লেখা 'I LOVE YOU'। সব মিলিয়ে ভারতীয় রেলের কেবিন হয়ে উঠেছে যেন হানিমুন স্যুট।
রেল কী বলছে?
রেলের একটি সূত্র জানিয়েছে, ফাস্ট এসি কেবিন যাত্রীদের নিজস্ব প্রাইভেসি দেয়। রেলওয়ের নিয়ম অনুযায়ী যাত্রাপথে পুরো কেবিনটিই যাত্রীদের জন্য সংরক্ষিত থাকে। ফলে, যাত্রীরা কেবিনের সর্বত্র অবাধে চলাচল করতে পারেন এবং নিজেদের আরাম অনুযায়ী কেবিনটি সাজিয়ে নিতে পারেন।
রেল সূত্রে দাবি, যদি কেউ বিশেষ কেবিন বুক করে এবং তা নিজে সাজিয়ে নেয়, তবে এতে রেলওয়ের কোনও ভূমিকা নেই। যাত্রী কীভাবে ভ্রমণ করতে চান, তা তাঁর নিজস্ব পছন্দ। এতে কোনও আইনের লঙ্ঘন হয় না।