
নতুন মাস শুরু হতেই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার অর্থ প্রাপকেরা নিজেদের ব্যাঙ্ক ব্য়ালেন্স পরীক্ষা করতে শুরু করেছেন। মহিলাদের প্রশ্ন এ মাসের টাকা কবের মধ্যে পাওয়া যাবে? সূত্রের দাবি, ১ অগাস্ট খুব বেশি মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। জানা গিয়েছে, ডকুমেন্ট ভেরিভিকেশন শেষ হলেই পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (DBT)-এর মাধ্যমে টাকা পাঠানো হবে।
আগে টাকা পেলেও ভেরিফিকেশন হচ্ছে
সরকারি সূত্রে দাবি, যে মহিলারা আগে টাকা পেয়েছেন, তাঁদের ডেটাও আবার পর্যালোচনা করে ভেরিফাই করা হচ্ছে। শুধুমাত্র যোগ্য মহিলারাই যাতে এই টাকা পান, সেদিকে নজর রাখছে সরকার। জানা গিয়েছে, যাঁদের আবেদন অনুমোদিত হয়েছে এবং সমস্ত নথি যাচাই সম্পূর্ণ হয়েছে, তাঁরা অগাস্ট মাসের টাকা পাবেন।
১ অগাস্ট টাকা না পেলে কবে পাবেন?
সরকারের তরফে জানানো হয়েছে, ১ অগাস্টই যে সকলের টাকা একবারে ঢুকবে তা মোটেই নয়। বরং সারা মাস জুড়েই পর্যায়ক্রমে বিভিন্ন অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। সেক্ষেত্রে প্রথম দিন টাকা না পেলেও মুষড়ে পরার কারণ নেই। সূত্রে বলছে, অনেক আবেদনকারীর নথি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। কারও ক্ষেত্রে অতিরিক্ত তথ্য যাচাই করা হচ্ছে, আবার কারও আবেদন পুনরায় পরীক্ষা করা হচ্ছে। ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয় না।
যোগ্য হলেও টাকা না পেলে কী করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত সমস্যা বা আবেদনের বিষয়ে সরাসরি সমাজকল্যাণ দপ্তরের হেল্পলাইন ১৮০০-৩৪৫-৫৫০৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
এছাড়াও, ২ অগাস্ট রয়েছে রবিবার। ফলে এই দিন ব্যাঙ্ক রয়েছে বন্ধ। সেক্ষেত্রে পরের দিনও টাকা আসতে পারে। বারেবারেই শুভেন্দুর সরকারের দাবি, যোগ্য কোনও আবেদনকারীকে বঞ্চিত করা হবে না। এখন চলছে ভেরিফিকেশন প্রসেস। এরপরেই টাকা দেওয়া হবে আবেদনকারীদের।