
পালাবদলের পর লক্ষ্মীর ভাণ্ডারের জায়গা নিয়েছে অন্নপূর্ণা যোজনা। এক মাসের মধ্যেই এই প্রকল্প জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার মহিলাদের মধ্যে। কারণ ১৫০০ টাকার বদলে যোগ্য মহিলারা এখন পাবেন ৩০০০ টাকা। প্রকল্পের ঘোষণার পর থেকে একাধিক নিয়মে বদল এসেছে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের অন্তর্ভূক্ত করা হলেও স্বচ্ছতা বজায় রাখতে একাধিক যাচাইকরণ প্রক্রিয়া চলছে। এবার সকলেরই প্রশ্ন, একই বাড়ির একাধিক মহিলা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে পারেন?
১ জুন থেকে অফলাইন এবং অনলাইনে ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। ইতিমধ্যেই প্রথম দফার টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। ১ জুলাই দ্বিতীয় দফার টাকা ঢোকার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আরও ১ কোটি ৫ লক্ষ মহিলা এই ৩ হাজার টাকা ১ তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেক্ষেত্রে একই বাড়ির ২ জন ফর্ম ফিলআপ করে থাকলে কি ১ তারিখ টাকা পাবেন?
যোগ্য প্রাপকদের তালিকা ক্রমাগত আপডেট করা হচ্ছে। একই পরিবারের একাধিক যোগ্য মহিলা এই আর্থিক সহায়তার জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন কিনা, সেই প্রশ্নের উত্তরও দিয়েছে রাজ্য প্রশাসন।
অন্নপূর্ণা যোজনার নির্দেশিকা অনুসারে, সরকার আবেদন পদ্ধতি এবং যোগ্যতার একটি নির্দিষ্ট মাপকাঠি রেখেছে। নির্দেশিকা অনুযায়ী, একটি পরিবারের একাধিক মহিলা সদস্য যদি যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেন, তবে তাঁদের আবেদন খারিজ করার কোনও কারণ নেই। সেক্ষেত্রে পরিবারের মা-মেয়ে, শাশুড়ি-বউমা, দুই বোন একসঙ্গে ৩ হাজার টাকা পেতে পারেন।
কী কী মাপকাঠি রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের?
আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। টাকা পেতে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক নইলে টাকা পাওয়া যাবে না। আবেদন সঠিক থাকলে এবং সব শর্ত পূরণ হলে অন্নপূর্ণা প্রকল্পেও একই পরিবারের একাধিক মহিলা মাসিক ৩ হাজার টাকা পেতে কোনও বাধা থাকবে না।
নিয়ম অনুযায়ী, পরিবার পিছু নির্দিষ্ট বিধিনিষেধ নেই। বিশেষ পরিস্থিতিতে যদি কোনও যৌথ পরিবারে দু’টি বিবাহিত দম্পতি আলাদাভাবে বসবাস করেন। সেক্ষেত্রে বিষয়টি আলাদা। যদি তাঁদের আলাদা রেশন কার্ড ও আধার কার্ড থাকে, তবে তাঁদের পৃথক পরিবার হিসেবে গণ্য করা হয়। এক্ষেত্রে কিন্তু উভয় পরিবারের বিবাহিত নারী প্রধানরা পৃথকভাবে আবেদন করতে পারবেন।