
চলতি মাসে অ্যাকাউন্টে এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। তা নিয়ে ছড়াচ্ছে নানা বিভ্রান্তি। গত বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিভ্রান্তি দূর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী ১৭ অগাস্ট অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন মহিলারা। সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই নিয়ে আগামী ১০ অগাস্ট নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায়কে নিয়ে সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কীভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলছে, সে সংক্রান্ত সমস্ত তথ্য সাধারণ মানুষকে জানানো হবে বলেই জানান তিনি।
কবে ঢুকবে টাকা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে তারিখের উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা এই মাসের ১৭ অগাস্ট থেকে ৩ হাজার টাকা করে ভেরিফায়েড লোকেদের...মহিলাদের অ্যাকাউন্টে পাঠাব। কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া ১০ তারিখ সোমবার বলে দেব। ১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে...সরকারি টাকা। নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে।'
একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী বলেন, '১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।'
আপনি কি টাকা পাবেন?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার অর্থ ঢুকতে শুরু করবে। কিন্তু নির্ধারিত দিনের বদলে কেন ১৭ তারিখ বেছে নেওয়া হল? প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, বর্তমানে সমস্ত আবেদনপত্রের চূড়ান্ত যোগ্যতা যাচাইয়ের কাজ চলছে। পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র যাচাইকরণের কাজ জোরকদমে চলছে। প্রকৃতপক্ষে যাঁরা এই সুবিধার পাওয়ার যোগ্য, তাঁদের কাছেই যাতে সরকারি সাহায্য পৌঁছয়, তা নিশ্চিত করতেই এই বাড়তি সময় নেওয়া হচ্ছে। যদি আপনার অ্যাকাউন্টেও টাকা না এসে থাকে, তবে বিচলিত হওয়ার কিছু নেই। আপনার আবেদন মঞ্জুর বা 'অ্যাপ্রুভ' হয়েছে কি না, তা জেনে নেওয়ার সহজ উপায় রয়েছে। নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করলেই মিলবে সঠিক তথ্য। নিজের আধার কার্ড, ভোটার কার্ড কিংবা প্রকল্পের আইডেন্টিফিকেশন নম্বর সঙ্গে নিয়ে গেলেই সংশ্লিষ্ট কর্মীরা আবেদনের বর্তমান স্থিতি জানিয়ে দিচ্ছেন। ইতিমধ্যেই অনেক সাধারণ মানুষ বিডিও অফিসে গিয়ে নিজের সংশয় দূর করেছেন।
কারা ১৭ অগাস্ট টাকা পাবেন?
যার জুন এবং জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদের এই মাসে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে যারা নতুন করে আবেদন করেছেন, তারাও পাবেন। তবে ১০ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, এবং যাদের আবেদনে কোনও ত্রুটি মেলেনি তাদেরই ঢুকবে অগাস্টের ৩ হাজার টাকা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভেরিফিকেশন করতে কিছুটা সময় লাগছে। ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাদের ভেরিফিকেশন চলছে। আপাতত ১০ জুলাই পর্যন্ত আবেদনকারীরা অগাস্টে টাকা পাবেন। ১১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীকে এই মাসে টাকা পাবেন না। সূত্রের খবর, ১১-৩১ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, তাদের ভেরিফিকেশন পর্ব মিটলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকবে। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসেও অন্নপূর্ণার টাকা ঢুকতে দেরি হতে পারে। কারণ ভেরিফিকেশন পদ্ধতিতে কিছুটা সময় লাগছে। যাচাইয়ের কাজ চলছে। আবেদনকারী মহিলার যোগ্যতা দেখছেন আধিকারিকেরা। যাচাইপ্রক্রিয়ায় যাঁর উত্তীর্ণ হবেন তাঁরাই অন্নপূর্ণার ৩ হাজার পাবেন। DBT প্রক্রিয়া, আবেদন যাচাই এবং ব্যাঙ্কের তথ্য ঠিক থাকার উপরেও টাকা পাওয়ার বিষয়টি নির্ভর করবে। তাই আপনার অ্যাকাউন্টে ১৭ অগাস্টেই টাকা না এলে প্রথমেই ভয় পাওয়ার কারণ নেই। বরং Application Status, Verification এবং Bank/DBT details ঠিক আছে কি না, সেটাই আগে দেখে নেওয়া জরুরি।
পুজোর মাসে কবে টাকা পাবেন?
তবে খুশির খবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকার যতদিন বাংলায় ক্ষমতায় থাকবে, ততদিন অন্নপূর্ণার টাকা পাবেন যোগ্য মহিলারা। তবে ১০ অগাস্ট বড় ঘোষণার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১০ অগাস্ট দুপুর ২টো নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায় সাংবাদিক বৈঠক করবেন। সেখানেই টাকা কারা পাবেন, কারা পাবেন না স্পষ্ট হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
আপনার ৩,০০০ টাকা আটকে আছে কি না বুঝবেন কীভাবে?
আপনার আবেদনের কী স্টেটাস, সেটা জানতে আপনাকে https://socialsecurity.wb.gov.in/Office/login পোর্টালে গিয়ে যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করা হয়েছিল, সেটা দিয়ে লগইন করতে হবে। OTP দিয়ে যাচাইয়ের পর আবেদনের নম্বরের পাশে আপনার এই আবেদনের বর্তমানে স্টেটাস দেখতে পারবেন আপনি। যদি ‘Approved’ লেখা থাকে, তাহলে জানবেন আপনার এই আবেদন অনুমোদিত হয়েছে ও আপনি খুব তাড়াতাড়ি এই টাকা পেয়ে যাবেন। যদি ‘Pending at the BDO Office’ দেখায় তাহলে বুঝতে হবে আপনার আবেদনের যাচাই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। সেই ক্ষেত্রে সরকার বলছে ১৫ থেকে ৩০ দিনের মধ্যে ফের একবার স্টেটাস চেক করে নিতে। আবার যদি আপনি দেখেন, যে লেখা রয়েছে ‘Payment Pending’, সেই ক্ষেত্রে আপনার আবেদন বৈধ হলেও আপনার অর্থ এখনও সরকার মঞ্জুর করেনি। সেই ক্ষেত্রে টাকা পেতে আপনাকে আরও একটু অপেক্ষা করতে হবে। আবার অনেকের দেখাচ্ছে, ‘Bank Account Invalid’। এমন কিছু যদি দেখায় সেই ক্ষেত্রে বুঝতে হবে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের কিছু অসঙ্গতি রয়েছে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার সিডিং সম্পূর্ণ হয়নি। এই সমস্যা দূর করতে আপনাকে আপনার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর এই সবের বাইরে গিয়ে যাঁদের আবেদন ‘Rejected’ হবে, তাঁরা চাইলে পুনরায় আবেদন করতে পারবেন। এর জন্য বিভিন্ন প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, উপার্জনের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র ও আপডেটেড ব্যাঙ্ক পাসবই নিয়ে পুনরায় আবেদন করতে পারবেন। এর জন্য স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়াও যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের যাতে আগামীতে সমস্যা না হয়, টার জন্য সরকার একাধিক ব্যবস্থা নিচ্ছে। যাঁদের আবেদন মঞ্জুর হয়েছে, তাঁদের অগাস্ট মাস থেকেই সম্পূর্ণ টাকা পাওয়ার কথা। তবে, অনুমোদনের পরও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ যদি জমা না পড়ে সেই ক্ষেত্রে সরকারি হেল্পলাইনে অভিযোগ জানানো যাবে।