
অন্নপূর্ণা যোজনার পুরোনো পোর্টাল বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন পোর্টাল খুলে যাওয়ার স্বস্তি মেলে। ১ অগাস্ট বন্ধ হয়ে যায় পুরনো পোর্টালের 'সিটিজেন্স লগ ইন' অংশ, তাতে উদ্বিগ্ন হয়ে পড়েন উপভোক্তারা। কারণ, পোর্টালের এই অংশ বন্ধ হয়ে যাওয়ায় আবেদনের স্ট্যাটাস দেখা যাচ্ছিল না। ফলে কে টাকা পাবেন, কে টাকা পাবেন না, তা নিয়ে চিন্তা বাড়ে। পাশাপাশি, নতুন আবেদন করারও কোনও অপশন ছিল না। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই মহিলাদের সেই দুঃশ্চিন্তা থেকে মুক্তি দেয় রাজ্য সরকার, খুলে যায় নতুন পোর্টাল।
অন্নপূর্ণার নতুন পোর্টাল
নতুন পোর্টালে জানা যাবে স্ট্যাটাস। জানা গিয়েছে, নতুন এই পোর্টাল থেকেই আবেদনের এবং পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন মহিলারা। তবে আবেদনকারী নিজে এই পোর্টাল থেকে স্ট্যাটাস দেখতে পাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, উপভোক্তারা আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন না, এই সুবিধা পেতে সরকারি আধিকারিকদের সাহায্য নিতে হবে।
তিন ভাষায় ডাউনলোড
পাশাপাশি, এখনও যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেননি এবং নিজেদের মাসিক ৩০০০ টাকা পাওয়ার জন্য যোগ্য মনে করছেন, তারা ফর্ম ফিলাপ করতে পারবেন। তবে কীভাবে নতুন এই পোর্টাল থেকে কোনও মহিলা আবেদন করতে পারবেন বা কীভাবে আবেদনের বা টাকা পাওয়ার অগ্রগতি সংক্রান্ত স্ট্যাটাস দেখতে পাবেন, তা নিয়ে এখনও কিছু স্পষ্ট নয়। তবে তিন ভাষায় আবেদন ডাউনলোড করা যাচ্ছে।
নতুনরা আবেদন করবেন কী করে
অন্নপূর্ণা যোজনায় আপনার আবেদনের কী অবস্থা, সেটা জানার জন্য সবার আগে এই যোজনার ওয়েবসাইটে লগইন করতে হচ্ছিল। কিন্তু যে ওয়েবসাইটে প্রথমে অনলাইন ফর্ম ফিলআপ করা হয়েছিল, সেই ওয়েবসাইটে রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে আর লগইন করা যাচ্ছে না। শুধু তাই নয় Family Level Data Collection Portal -এ অর্থাৎ https://socialregistry.wb.gov.in/ -এ লগইনের কোনও অপশনই নেই। তাহলে কেউ যদি লগইন করতে চান, তাহলে কী করবেন তাঁরা? নতুনরা আবেদন করতে পারবেন?
নতুন পোর্টালে স্ট্যাটাস চেক
যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার আবেদন করে ফেলেছেন, তাঁদের জন্য নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে, সরকার। https://socialsecurity.wb.gov.in/Office/login-এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আগে করা আবেদন আপনি দেখতেও পারবেন। তবে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কোনও আবেদন করা যাচ্ছে না এখনই। শুধুমাত্র অন্নপূর্ণার ফর্ম পাওয়া যাচ্ছে। বাংলা, ইংরেজি ও হিন্দিতে সেই ফর্ম ডাউনলোডও করা যাবে। তবে, ফর্ম পাওয়া গেলেও কীভাবে অফলাইনে আবেদন করবেন আপনি, সেটা এখনও স্পষ্ট নয়। এই ক্ষেত্রে আপনি আপনার জন প্রতিনিধি বা স্থানীয় প্রশাসন, যেমন পঞ্চায়েত, বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন।