
ভারতে ইলেকট্রিক দু'চাকার গাড়ির বাজার বাড়ছে। বড় মাইলস্টোন ছুঁয়ে ফেলল এথার(Ather Energy)। সংস্থার দাবি, ২০১৮ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশে তাদের মোট ইলেকট্রিক স্কুটার বিক্রির সংখ্যা ৭ লক্ষ ইউনিট ছাড়িয়েছে। ভারতের বাজারে ৭ লক্ষের বেশি ইলেকট্রিক টু-হুইলার বিক্রি করা চতুর্থ সংস্থা হিসেবে নাম লেখাল Ather।
এর আগে Ola Electric, TVS Motor এবং Bajaj Auto এই মাইলফলক স্পর্শ করেছে। Ola Electric ২০২৪ সালের অগাস্টেই ৭ লক্ষ বিক্রির গণ্ডি পার করে বর্তমানে ১০ লক্ষেরও বেশি বিক্রি করেছে। TVS Motor ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ৭ লক্ষ বিক্রির মাইলফলক ছোঁয়ার পর ২০২৬ সালের জুনে ১০ লক্ষ ইউনিট বিক্রির সীমাও অতিক্রম করেছে। অন্যদিকে, Bajaj Auto চলতি বছরের মে মাসে ৭ লক্ষ ইলেকট্রিক স্কুটার বিক্রির রেকর্ড গড়ে।
Ather-এর গত দেড় বছরে বিক্রির গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার ৭৭৩টি ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে। অর্থাৎ মোট বিক্রির প্রায় ৫৪ শতাংশই এসেছে মাত্র গত ১৮ মাসে। ফলে সংস্থার বৃদ্ধির গতি যে অনেকটাই বেড়েছে, তা স্পষ্ট।
মূলত Rizta মডেল বাজারে আসার পর থেকেই হু-হু করে এথারের সেল বেড়েছে। সংস্থার প্রথম কয়েক বছরের বিক্রি তুলনামূলক ধীর ছিল। তার উপর কোভিড-১৯ অতিমারির প্রভাবও পড়েছিল ব্যবসায়। ২০২২ সালে Ather মাত্র ৫৪ হাজার ৭৬৯টি স্কুটার বিক্রি করতে পেরেছিল।
পরিস্থিতি বদলাতে শুরু করে ২০২৩ সালে। সেই বছর প্রথমবারের মতো এক বছরে ১ লক্ষের বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করে Ather। এরপর ২০২৫ সালে সংস্থা প্রথমবার ২ লক্ষ ইউনিটের গণ্ডি পেরিয়ে যায়। ওই বছর মোট ২ লক্ষ ১৪ হাজারেরও বেশি ইলেকট্রিক দু'চাকার গাড়ি বিক্রি হয়।
২০২৬ সালেও সেই ধারা অব্যাহত রয়েছে। বছরের প্রথমার্ধেই সংস্থা ১ লক্ষ ৬৩ হাজার ৭৮৮টি স্কুটার বিক্রি করেছে। বর্তমানে ভারতের ইলেকট্রিক দু'চাকার বাজারে Ather-এর অংশীদারিত্ব প্রায় ১৭.৫৩ শতাংশ। বিশেষ করে ২০২৬ সালের মার্চ মাস সংস্থার ইতিহাসে সবচেয়ে সফল মাস হিসেবে উঠে এসেছে। ওই মাসে একাই ৩৬ হাজার ৩৬২টি স্কুটার বিক্রি হয়েছে।