
ATM মেশিনের ব্যবহার ইদানীং UPI-এর দৌলতে সামান্য কম হলেও, মাসে এক-আধবার ATM যাওয়ার প্রয়োজন আজও অনেকেরই পড়ে। সাধারণত কার্ড পাঞ্চ করে ATM থেকে টাকা তোলা হয়। কিন্তু অনেকেই কখনও ভেবেও দেখেননি এটিএম-এর কিপ্যাড লোহা দিয়ে তৈরি হয় কেন? এগুলো তো প্লাস্টিক দিয়েও তৈরি হতে পারত। সেক্ষেত্রে খরচ অনেক কম হত। আসলে বিষয়টি খরচের নয়। তবে আসল কারণ কী?
এটিএম মেশিনের কাঠামো মজবুত লোহা দিয়ে তৈরি এবং এটি বেশ ভারী হয়। এর ফলে এটিএম মেশিন থেকে দুর্বৃত্তরা সহজে টাকা চুরি করতে পারে না। যাতে একটি ATM মেশিন অনেকদিন চলে, সেটি নিশ্চিত করতেই কিপ্যাডটিও শক্তিশালী উপাদান দিয়ে তৈরি করা হয়। কিন্তু এর পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।
এটিএম মেশিনগুলোতে ইচ্ছাকৃতভাবে প্লাস্টিকের কিপ্যাড থাকে না। যদি থাকত, তাহলে বহু গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারত। এর কারণ হল, প্লাস্টিক কিছুক্ষণের জন্যও তাপ ধরে রাখে। এই তাপ শনাক্ত করা সম্ভব। ফলে কোনও চোর হিট ডিটেক্টর ব্যবহার করে অন্য লোকের পাসওয়ার্ড জেনে নিতে পারত। কিন্তু, লোহার কিপ্যাড বেশিক্ষণ তাপ ধরে রাখে না, ফলে হিট ডিটেক্টর ব্যবহার করে চোরের পক্ষে পাসওয়ার্ড জানা কঠিন।
অপর একটি বিষয় হল, এটিএম মেশিন যাতে দ্রুত নষ্ট না হয়ে যায়, সেই কারণে লোহার এই কিপ্যাড লাগানো থাকে। যেহেতু বহু মানুষ দিনে হাজার হাজার বার এটি ব্যবহার করেন, তাই কিপ্যাডটিকে মজবুত করে ডিজাইন করা হয়, যাতে এটি বহু দিন সার্ভিস দিতে পারে। এছাড়াও, এই কিপ্যাডটিতে যাতে মরচে না পড়ে, তেমন ডিজাইন করেই করা হয়েছে। কোনও দুর্বৃত্ত যদি ATM-এ আগুনও লাগিয়ে দেয়, তাহলেও ATM বা এটিএম-এর কীপ্যাড-এর কোনও ক্ষতি হয় না।