
ভারতে সড়ক পরিকাঠামোর আধুনিকীকরণে বড় পদক্ষেপ হিসেবে চালু হলো দেশের প্রথম মাল্টি-লেন ফ্রি ফ্লো (MLFF) টোল ব্যবস্থা। নিতিন গড়করি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছেন। গুজরাতের NH-48-এর সুরাট-ভরুচ অংশে চোরিয়াসি টোল প্লাজায় এই অত্যাধুনিক ব্যবস্থা চালু হয়েছে।
কী এই নতুন টোল ব্যবস্থা?
MLFF বা মাল্টি-লেন ফ্রি ফ্লো টোলিং এমন একটি প্রযুক্তি, যেখানে গাড়িকে আর টোল প্লাজায় থামতে হবে না। চলন্ত অবস্থাতেই স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে। এর ফলে দীর্ঘ লাইন, সময় নষ্ট, সবই অতীত হতে চলেছে।
কীভাবে কাজ করে?
এই ব্যবস্থায় মূলত দুটি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে
FASTag (RFID): গাড়ির উইন্ডস্ক্রিনে লাগানো ফাস্ট্যাগ স্ক্যান করে সরাসরি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়।
ANPR (Automatic Number Plate Recognition): ক্যামেরা গাড়ির নম্বরপ্লেট শনাক্ত করে তথ্য সংগ্রহ করে।
টোল প্লাজার সেন্সর ও হাই-রেজোলিউশন ক্যামেরা গাড়ির তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় সিস্টেমে পাঠায়। কয়েক সেকেন্ডের মধ্যেই টোল গণনা ও লেনদেন সম্পন্ন হয়ে যায়।
FASTag না থাকলে কী হবে?
যেসব গাড়িতে ফাস্ট্যাগ নেই, তাদের নম্বরপ্লেট স্ক্যান করে একটি ডিজিটাল ইনভয়েস তৈরি করা হবে। পরে সেই টোল জরিমানাসহ আদায় করা হবে।
কী সুবিধা মিলবে?
এই নতুন ব্যবস্থার ফলে
যানজট কমবে
ভ্রমণের সময় কমবে
জ্বালানি সাশ্রয় হবে
দূষণ কমবে
টোল সংগ্রহে স্বচ্ছতা বাড়বে
মন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগ ভারতের জাতীয় সড়ককে বিশ্বমানের করার পথে বড় পদক্ষেপ। একইসঙ্গে দ্রুত পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।