
বাজাজ চেতক (Bajaj Chetak) বর্তমানে স্কুটারের বাজারে রাজ করছে। আর এবার, আরও কিছু ফিচার বাড়ল এই স্কুটারে। দাম বাড়লেও, ফিচারে কিছু পরিবর্তন আসায়, এই স্কুটার ফের সকলের মন জয় করতে পারে বলে মনে করা হচ্ছে। আসুন দেখে নেওয়া যাক, বাজাজ চেতকের স্কুটারে আরও কোন কোন ফিচার যোগ হতে চলেছে।
দ্রুত চার্জিং-এর ব্যবস্থা
বাজাজ চেতকের চার্জিং টাইমও আপডেট করা হয়েছে। স্কুটারটিতে এখন ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে। যেখানে বেস ভ্যারিয়েন্টটি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে ৩ ঘন্টা ৫০ মিনিট সময় নিত, সেখানে এখন সময় লাগবে ২ ঘন্টা ৫৫ মিনিট। বাজাজ C30 রেঞ্জে রাইডিং মোড এবং হিল হোল্ড অ্যাসিস্টকেও স্ট্যান্ডার্ড করেছে।
গুগল ম্যাপ পাওয়া যাবে
টপ ভ্যারিয়েন্টগুলোও ওটিএ (OTA) আপডেট পাবে। স্কুটার গুলোতে গুগল ম্যাপস যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি স্কুটারগুলোর দামও বাড়ানো হয়েছে। চেতক সি৩০ এবং সি৩৫-এর দাম ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বেড়েছে। এই মূল্যবৃদ্ধি ভ্যারিয়েন্টের ওপর নির্ভর করছে। ২০২৬ অর্থবর্ষে বাজাজ ভারতে দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ছিল। এইবছর কোম্পানিটি ২৮৯,৩৪৯ ইউনিট বিক্রি করেছে। এটি গত বছরের তুলনায় ২৫% বৃদ্ধি হয়েছে। ব্র্যান্ডটির বাজার শেয়ার ২০%-এ পৌঁছেছে। তবে এখনও বাজাজের চেয়ে এগিয়ে আছে কেবল টিভিএস।
শক্তি ও গতি বৃদ্ধি পাবে
বাজাজ তাদের পুরো রেঞ্জ জুড়েই পারফরম্যান্স বাড়িয়েছে। চেতকের বেস ভ্যারিয়েন্ট (C2501)-এর সর্বোচ্চ গতি এখন ঘণ্টায় ৬০ কিমি হবে, যা আগে ছিল ঘণ্টায় ৫৫ কিমি। মিড-স্পেক C3001 এবং C3503 ভ্যারিয়েন্টগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৩ কিমি থেকে বেড়ে ৭০ কিমি হয়েছে। টপ-স্পেক চেতক ভ্যারিয়েন্টের সর্বোচ্চ গতি আগের ৭৩ কিমি/ঘন্টা থেকে বাড়িয়ে ৮০ কিমি/ঘন্টা করা হয়েছে। টপ-স্পেক C3501-এর মোটরের আউটপুটও আপগ্রেড করা হয়েছে। এই স্কুটারটির পাওয়ার আউটপুট এখন ৪.৮ কিলোওয়াট।
স্কুটারটিতে এখন নতুন নাম, উন্নত পারফরম্যান্স, ফাস্ট চার্জিং এবং আরও অনেক ফিচার রয়েছে। কিছু ভ্যারিয়েন্টের দামও বেড়েছে।