
Bajaj Pulsar 220F: ভারতের মোটরসাইকেলের ইতিহাসে টাইমলেস ডিজাইন খুব কম বাইকেরই আছে। রয়্যাল এনফিল্ডের পরেই যদি কিছু থাকে, তা হল Bajaj Pulsar 220F। প্রায় দুই দশক পরেও যার ডিজাইন একটুও পুরনো লাগে না। সেই আইকনিক বাইকই এবার নতুন অবতারে ফিরল বাজারে। বাজাজ অটো নতুন Pulsar 220F লঞ্চ করেছে। বাইকটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১.৩৬ লক্ষ টাকা। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে হেডল্যাম্পে। এবার থেকে Pulsar 220F-এ LED হেডল্যাম্প এবং ইন্টিগ্রেটেড LED DRL পাবেন। পাশাপাশি LED ইন্ডিকেটরও যোগ করা হয়েছে। এর আগে নতুন রঙ এবং গ্রাফিক্স এসেছিল।
সময়ের থেকে এগিয়ে
২০০৭ সালে যখন প্রথম Pulsar 220F রাস্তায় নামে, তখন ভারতীয় বাজারে এমন ডিজাইন কার্যত বিরল ছিল। ফুল-ফেয়ারিং, অ্যাগ্রেসিভ লুক, প্রজেক্টর হেডল্যাম্প এবং মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক; সব মিলিয়ে এটি ছিল তরুণ প্রজন্মের স্বপ্নের বাইক।
বছরের পর বছর কেটে গেলেও সেই ডিজাইন আজও পুরনো মনে হয় না। বরং অনেকের মতে, Pulsar 220F ‘ahead of its time’ থেকে আজ ‘timeless’ মোটরসাইকেলে পরিণত হয়েছে।
স্কুলজীবনের শেষ দিন, বোর্ড পরীক্ষার চাপ, প্রথম প্রেমের মতোই বহু মধ্যবিত্ত তরুণের স্মৃতিতে জড়িয়ে Pulsar 220F-এর নাম। অনেকের কাছেই এটি ছিল প্রথম স্পোর্টস বাইক দেখার অভিজ্ঞতা। হয় তো পাড়ার দাদার এই বাইক দেখেই দু-চাকার প্রেমে পড়েছিল সদ্য গোঁফ ওঠা কোনও কিশোর। আর আজ নিজের পায়ে দাঁড়িয়ে সে সেই দুই দশকের স্বপ্ন পূরণ করছে। হয় তো সেই কারণেই আজও পালসার সিরিজের বাইক কনস্ট্যান্টলি বিক্রি হয়ে চলেছে।
নতুন কী এল Pulsar 220F-এ?
নতুন আপডেটে ডিজাইনের মূল কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই রয়েছে সেমি-ফেয়ার্ড বডি, স্বাক্ষরধর্মী ফুয়েল ট্যাঙ্ক, টু-পিস স্টেপড সিট এবং চিন ফেয়ারিং।
তবে ভিজ়্যুয়াল আপডেট হিসেবে LED হেডল্যাম্প, LED DRL এবং LED ইন্ডিকেটর যুক্ত হয়েছে। সম্প্রতি নতুন কালার স্কিমে এসেথে। কালোর সঙ্গে সফট গোল্ড অ্যাকসেন্ট, কালো-কমলা-লাল এবং নতুন সবুজ রঙের কম্বিনেশন নজর কাড়তে পারে ক্রেতাদের।
ইঞ্জিনে কোনও বদল নেই
যাঁরা Pulsar 220F-এর পরিচিত পারফরম্যান্স পছন্দ করেন, তাঁদের জন্য সুখবর। কারণ ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি।
রয়েছে 220 সিসির সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বাধিক 20.6 বিএইচপি পাওয়ার এবং 18.6 এনএম টর্ক জেনারেট করে। সঙ্গে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।
আবেগের নাম Pulsar
এখন বাজারে আরও শক্তিশালী, আরও আধুনিক এবং প্রযুক্তি সমৃদ্ধ মোটরসাইকেল রয়েছে। কিন্তু Pulsar 220F-এর জনপ্রিয়তা শুধুমাত্র স্পেসিফিকেশন দিয়ে ব্যাখ্যা করা কঠিন।
বাজাজ সম্ভবত সেটাই জানে। তাই প্রতিবার আপডেটে বাইকের মূল লুক না পাল্টে শুধু কিছু আধুনিক ফিচার এবং নতুন রঙ যোগ করে। কারণ Pulsar 220F শুধুমাত্র একটি মোটরসাইকেল নয়, বহু ভারতীয় রাইডারের কাছে এটি এক টুকরো নস্ট্যালজিয়া।
নতুন LED হেডল্যাম্পের সঙ্গে প্রযুক্তির ছোঁয়া পেলেও, Pulsar 220F এখনও সেই পুরনো অনুভূতিরই প্রতিরূপ; যা সময়ের সঙ্গে ছুটে চলতে শিখিয়েছে গোটা এক প্রজন্মকে।