
রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বৃদ্ধি। এবার ফিক্সড ডিপোজিটে (FD) সুদ বাড়াতে শুরু করল একাধিক ব্যাঙ্ক। অক্টোবরে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের ঊর্ধ্বসীমা পেরিয়ে যাওয়ায় সুদের হার আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফলে যাঁরা কম ঝুঁকিতে নিশ্চিত রিটার্ন চান, তাঁদের জন্য আপাতত এফডি-ই বেস্ট অপশন।
ব্যাঙ্ক অফ বরোদায় নতুন সুদের হার
১২ নভেম্বর থেকে ব্যাঙ্ক অফ বরোদার ৫৫৫ দিনের ‘বব গোল্ডেন গোল’ স্কিমে সুদ ১০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। তিন কোটি টাকার কম অ্যামাউন্টের ক্ষেত্রে এটি প্রযোজ্য। সাধারণ গ্রাহকেরা কলেবল আমানতে ৬.৮৫ শতাংশ এবং নন-কলেবল আমানতে ৬.৯০ শতাংশ সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সর্বোচ্চ সুদ ৭.৪০ শতাংশ। ৮০ বছর বা তার বেশি বয়সিদের জন্য তা ৭.৫০ শতাংশ।
ফেডারেল ব্যাঙ্ক
ফেডারেল ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের এক্সট্রা ইন্টারেস্ট রেট ০.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ০.৬০ শতাংশ করেছে। নির্দিষ্ট কিছু মেয়াদে সর্বোচ্চ সুদ মিলবে ৭.৫০ শতাংশ। ৩৫ মাসের আমানতে বার্ষিক কার্যকর সুদের হার ৮.৩০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে এই রেট নির্দিষ্ট শর্ত ও আমানতের ধরনের উপর নির্ভরশীল।
অন্য ব্যাঙ্কেও সুদ বাড়ছে
শুধু এই দুই ব্যাঙ্ক নয়, এইচডিএফসি ব্যাঙ্ক নির্বাচিত মেয়াদে সুদ সর্বোচ্চ ০.৫০ শতাংশ বাড়িয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক বাড়িয়েছে ০.১০ শতাংশ। কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কও বিশেষ মেয়াদের আমানতে সুদ বাড়িয়েছে।
স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিও বেশি সুদ দিয়ে আমানত টানার চেষ্টা করছে। উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের সর্বোচ্চ ৮.৫০ শতাংশ এবং সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ৮.৬০ শতাংশ সুদ দিচ্ছে।
তবে শুধু বেশি সুদ দেখেই এফডি করা উচিত নয়। কতদিনের স্কিম, আগেই টাকা তোলার নিয়ম, ফাইন এবং ব্যাঙ্কের শর্তাবলী চেক নেবেন।