
মাসে মাসে হাতে কয়েক হাজার টাকা এক্সট্রা চাই? পরিশ্রম না করে, খালি একটু বুদ্ধি খাটালেই তা সম্ভব। সরকারি স্কিমে বিনিয়োগ করলেই হবে। হাতে যদি কিছুটা বেশি টাকা থাকে, তাহলে তো মাইনের সমান টাকাও মাসে মাসে সুদ পাওয়া সম্ভব। তাই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রেখে এমন কোনও স্কিমে টাকা রাখুন, যেখান থেকে নির্দিষ্ট সময় অন্তর আয় হবে। এমন স্কিম বলতে আমজনতা সেই পোস্ট অফিসের MIS বা মান্থলি ইনকাম স্কিমই বোঝেন। কিন্তু সেগুলি ছাড়াও এমন আরও দুর্দান্ত কিছু স্কিম রয়েছে। সে বিষয়ে জানতে পারবেন এই প্রতিবেদনে।
প্রথমেই জানিয়ে রাখি, সব বিনিয়োগ থেকেই মাসে মাসে টাকা পাওয়া যায় না। কোনও কোনও ক্ষেত্রে প্রতি মাসে সুদ আসে। কোথাও আবার তিন মাস অন্তর। কিছু ক্ষেত্রে মার্কেটের উপর নির্ভর করে রিটার্ন মেলে। তাই টাকা রাখার আগে স্কিমের নিয়ম, ঝুঁকি এবং করের বিষয়টি বুঝে নেওয়া জরুরি।
নিয়মিত আয়ের জন্য সেরা এমন ১০টি বিনিয়োগের অপশন দেওয়া হল। আসুন দেখে নেওয়া যাক।
মাসিক আয়ের জন্য সেরা ১০টি বিনিয়োগ স্কিম
১. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)
২. পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS)
৩.লং টার্ম সরকারি বন্ড
৪. কর্পোরেট ফিক্সড ডিপোজিট
৫. মান্থলি ইনকাম মিউচুয়াল ফান্ড
৬. প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা যোজনা (PMVVY)
৭. জীবনবিমা ও সেভিংস স্কিম
৮. সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান (SWP)
৯. শেয়ার বাজারের ডিভিডেন্ড
১০. অ্যানুইটি বা পেনশন স্কিম
নভেম্বর ২০২৬ এ মাসিক আয়ের ক্ষেত্রে কোন স্কিমে সুদ কত?
১. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম
অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের এই স্কিম বেশ জনপ্রিয়। সাধারণত ৬০ বছর বা তার বেশি বয়সিরা এতে বিনিয়োগ করতে পারেন। কিছু ক্ষেত্রে ৫৫ বছরের বেশি বয়সি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং ৫০ বছরের বেশি বয়সি এক্স-ডিফেন্স কর্মীরা বিনিয়োগ করতে পারবেন।
২০২৬ সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে এই স্কিমে বার্ষিক ৮.২ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। মেয়াদ পাঁচ বছর। তবে এখানে প্রতি মাসে নয়, তিন মাস অন্তর সুদ দেওয়া হয়। সুদ করযোগ্য।
২. পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম
রিস্ক ছাড়া নিয়মিত আয়ের জন্য পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা POMIS দুর্দান্ত। এই প্রকল্পে এককালীন টাকা জমা রাখতে হয়। তার উপর নির্দিষ্ট হারে প্রতি মাসে সুদ পাওয়া যায়।
বর্তমানে এই প্রকল্পে বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ। মেয়াদ পাঁচ বছর। একা অ্যাকাউন্ট খুললে তাতে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা রাখা যায়। জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা রাখা যায়। টার্ম শেষে মূল টাকা ফেরত পাওয়া যায়। চাইলে নিয়ম মেনে নতুন করে বিনিয়োগও করা সম্ভব।
৩. দীর্ঘমেয়াদি সরকারি বন্ড
যাঁরা তুলনামূলক কম ঝুঁকিতে দীর্ঘদিনের জন্য টাকা বিনিয়োগ করতে চান, তাঁদের ক্ষেত্রে সরকারি বন্ড ভাল অপশন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মেয়াদের বন্ড বের করে। মেয়াদ পাঁচ বছর থেকে ৪০ বছর পর্যন্ত হতে পারে।
বন্ডের ধরন অনুযায়ী নির্দিষ্ট হারে সুদ বা কুপন পাওয়া যায়। তবে সব সরকারি বন্ডে মাসে মাসে সুদ মেলে না। বিনিয়োগের আগে সুদের নিয়ম দেখে নিন।
৪. কর্পোরেট ফিক্সড ডিপোজিট
বিভিন্ন নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি এবং হাউজ়িং ফিন্যান্স সংস্থার কর্পোরেট ফিক্সড ডিপোজিট স্কিম আছে। অনেক ক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় সুদের রেট বেশি থাকে।
তবে বেশি সুদ যেমন, বেশি ঝুঁকিও থাকতে পারে। সব কর্পোরেট স্কিম ব্যাঙ্কের আমানতের মতো সেফ নয়। তাই বিনিয়োগের আগে সংশ্লিষ্ট সংস্থার আর্থিক অবস্থা চেক করে নিন।
৫. মান্থলি ইনকাম মিউচুয়াল ফান্ড
কিছু মিউচুয়াল ফান্ড ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগ করে। পাশাপাশি সামান্য অংশ শেয়ার বাজারে রাখে। এগুলিকে মান্থলি ইনকাম প্ল্যান বা MIP বলা হয়।
তবে নামের মধ্যে মাসিক আয় থাকলেও এখানে প্রতি মাসেই যে হাতে নির্দিষ্ট টাকা ঢুকবে, এমন গ্যারান্টি নেই। ফান্ডের পারফরম্যান্সের উপর আয় নির্ভর করে। বাজার খারাপ হলে লোকসানও হতে পারে।
৬. প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা
প্রবীণ নাগরিকদের অবসরের পরে আর্থিক নিরাপত্তার জন্য এই প্রকল্প চালু করেছিল কেন্দ্র। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। ২০২৬ সালে নতুন করে এই স্কিমে বিনিয়োগ করা যাবে না। ২০২৩ সালের ৩১ মার্চ থেকে PMVVY-তে নতুন গ্রাহক নেওয়া বন্ধ হয়ে গিয়েছে। যাঁরা আগে বিনিয়োগ করেছেন, তাঁরা নিজেদের পলিসির কন্ডিশন অনুযায়ী পেনশন পাবেন।
৭. জীবনবিমা ও সেভিংস স্কিম
জীবন বিমাতেও বুদ্ধি করে বিনিয়োগ করা যায়। নির্দিষ্ট মেয়াদে প্রিমিয়াম জমা দেওয়ার পরে পলিসির শর্ত অনুযায়ী মাসিক বা বার্ষিক আয়ের অপশন থাকে।
৮. সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে নির্দিষ্ট সময় অন্তর টাকা তুলতে চাইলে SWP বা সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান চ্যুজ করতে পারেন। প্রয়োজন অনুযায়ী প্রতি মাসে, তিন মাস অন্তর বা নির্দিষ্ট সময়ের ব্যবধানে টাকা তুলতে পারেন।
৯. শেয়ার বাজারের ডিভিডেন্ড
শেয়ার বাজারে বিনিয়োগ করেও নিয়মিত আয় করা যায়। কিছু সংস্থা তাদের লাভের একটি অংশ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বা ডিভিডেন্ড হিসাবে দেয়।
তবে কোনও সংস্থা প্রতি বছর লভ্যাংশ দেবে, এমন গ্যারান্টি নেই। সংস্থার লাভ, আর্থিক অবস্থা এবং পরিচালন বোর্ডের সিদ্ধান্তের উপর তা নির্ভর করে। এই বিনিয়োগে ঝুঁকিও যথেষ্ট বেশি। তাই একাধিক সংস্থার শেয়ারে বিনিয়োগ করে রিস্ক ভাগ করে নিতে হবে।
১০. অ্যানুইটি বা পেনশন স্কিম
অবসরের পরে নিয়মিত আয়ের জন্য অ্যানুইটি স্কিমও বেশ ভাল। বিভিন্ন বিমা সংস্থা এই ধরনের স্কিম চালায়। এককালীন টাকা জমা দিলে নির্দিষ্ট সময় অন্তর পেনশন পাওয়া যায়।