
Pulsar, Splendor হোক বা Royal Enfield। ছোটখাটো কোনও ভুল অভ্যাসেই নষ্ট হতে পারে মোটরসাইকেলের ইঞ্জিন। অনেকেই দামি বাইক কিনলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কয়েক বছরের মধ্যেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। আর তার ফলে অযথা গ্যারাজ খরচ, মাইলেজ কমে যাওয়া, অস্বাভাবিক শব্দ এবং পারফরম্যান্স লস। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সামান্য ভুলই এর মূল কারণ। সেগুলি এড়ালেই ৮-১০ বছর পর্যন্ত ইঞ্জিন ভাল রাখা সম্ভব।
১) নিয়মিত ইঞ্জিন অয়েল না বদলানো
সবচেয়ে বড় ভুলটি হল, সময়মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন না করা। মনে রাখবেন, ইঞ্জিন অয়েলই বাইকের প্রাণ। এটি ইঞ্জিনের ঘর্ষণ কমায়। অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করে। অনেকেই নির্দিষ্ট কিলোমিটার পার হওয়ার পরেও অয়েল বদলান না। ফলে ইঞ্জিনের ভিতরে কার্বন জমে ক্ষতি হয়। বিশেষত Bajaj Pulsar বা Hero Splendor-এর মতো দৈনন্দিন ব্যবহারের বাইকে প্রতি ২৫০০-৩০০০ কিলোমিটার অন্তর অয়েল বদল জরুরি।
২) ঠান্ডা ইঞ্জিনে হঠাৎ স্পিড তোলা
সকালে বাইক স্টার্ট করেই অনেকে জোরে অ্যাক্সিলারেট করেন। কোল্ড ইঞ্জিনে এমন আচরণ ক্ষতিকর। ইঞ্জিন গরম হতে সময় লাগে। বিশেষজ্ঞরা বলছেন, অন্তত ৩০-৬০ সেকেন্ড ইঞ্জিন আইডল অবস্থায় রাখুন। তবেই ইঞ্জিনের তেল সঠিক ভাবে সঞ্চালিত হবে। বিশেষ করে Royal Enfield Classic 350-র মতো হাই-ডিসপ্লেসমেন্ট বাইকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩) নিম্নমানের জ্বালানি ব্যবহার
কম দামের লোভে অনেকে ব্ল্যাকের পেট্রল ভরান। কোথাকার কী তেল না জেনে ভরলে কিন্তু ঠকবেন। এতে ইঞ্জিনের ইনজেক্টর ও কার্বরেটরে সমস্যা দেখা দেয়। দীর্ঘমেয়াদে ইঞ্জিনের কর্মক্ষমতা কমে যায়। সব সময় পেট্রল পাম্প থেকেই তেল ভরান।
৪) ক্লাচের ভুল ব্যবহার
ট্র্যাফিকে দাঁড়িয়ে অনেকেই অকারণে ক্লাচ চেপে রাখেন। এতে ক্লাচ প্লেট দ্রুত ক্ষয়ে যায়। ইঞ্জিনে চাপ বাড়ে। সঠিক গিয়ার শিফটিং না জানাও একটি বড় সমস্যা। বিশেষজ্ঞদের মতে, সঠিক RPM-এ গিয়ার বদল করলে ইঞ্জিন দীর্ঘদিন সুস্থ থাকে।
৫) সার্ভিসিং এড়িয়ে যাওয়া
অনেকে খরচের ভয়ে বা আলস্য থেকে সার্ভিসিং পিছিয়ে দেন। অথচ নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিং করলে ছোট সমস্যা বড় হওয়ার আগেই ধরা পড়ে। এয়ার ফিল্টার পরিষ্কার রাখা, চেন লুব্রিকেশন, ব্রেক চেক; সবই জরুরি। বিশেষত যাঁরা প্রতিদিন অফিস যাতায়াতের জন্য বাইক ব্যবহার করেন, তাঁদের নিয়মিত সার্ভিসিং অত্যাবশ্যক।
মোটরসাইকেল শুধু যাতায়াতের মাধ্যম নয়, অনেকের কাছে আবেগও। তাই কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই আপনার Pulsar, Splendor বা Royal Enfield ১০ বছর পরেও স্মুদ পারফরম্যান্স দেবে।