
এলপিজি সিলিন্ডারে বড় পরিবর্তন। পুজোর আগেই গ্যাস সিলিন্ডারে ভর্তুকির নিয়ম বদলে দিল কেন্দ্র। আগামী মাস থেকে আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন ছাড়া আর মিলবে না ভর্তুকির টাকা। ১ অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গার্হস্থ্য এলপিজি রিফিলের জন্য বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করেছে পেট্রোলিয়াম মন্ত্রক।
পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, এই প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য হল জাল এবং ভুয়ো গ্যাস কানেকশনে ভর্তুকি রোধ করা। যাতে ভর্তুকির সুবিধা শুধুমাত্র প্রকৃত এবং অভাবী পরিবারগুলির কাছে পৌঁছায়।
৮৯.৯ শতাংশ গ্রাহক আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন হয়ে গিয়েছে
পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি অনুযায়ী, দেশজুড়ে প্রায় ২৭ কোটি ৪৩ লক্ষ গ্রাহক (৮৯.৯ শতাংশ) ইতিমধ্যে তাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন করে ফেলেছেন। ফলে তাঁদের আর নতুন করে আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন করার প্রয়োজন নেই। তাদের সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে ভর্তুকি আগের মতোই চলতে থাকবে।
তাহলে ১ অক্টোবর থেকে কী পরিবর্তন হবে?
যাঁরা ইতিমধ্যেই ভেরিফিকেশন করে ফেলেছেন, তাঁদের জন্য প্রক্রিয়াটি একই থাকবে এবং তাঁরা ভর্তুকি-সহ LPG সিলিন্ডার পাবেন। তবে, যাঁরা তা করেননি, তাঁদের ভেরিফাই করার দরকার পড়বে। ১ অক্টোবরের পর ভেরিফাই করলে তবেই নির্দিষ্ট হারে LPG সিলিন্ডার বুক করতে পারবেন।
কী ভাবে ভেরিফিকেশন করবেন?
সিলিন্ডার ডেলিভারির সময়: ডেলিভারি বয় বাড়িতে এলে মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ির জরজায় বসেই অথেন্টিকেশন করতে পারবেন।
ডিস্ট্রিবিউটরের শোরুমে: গ্রাহকরা সরাসরি তাদের এলপিজি ডিস্ট্রিবিউটর (এজেন্সি) শোরুমে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেন।
কোম্পানিগুলোর অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে: ইন্ডেন গ্রাহকরা ইন্ডিয়ানঅয়েল ওয়ান অ্যাপ, ভারতগ্যাস গ্রাহকরা হ্যালোবিপিসিএল অ্যাপ এবং এইচপি গ্যাস গ্রাহকরা এইচপি পে অ্যাপ ব্যবহার করে আধার অথেন্টিফিকেশন করতে পারেন।