
দূরপাল্লা হোক বা লোকাল ট্রেন, মোবাইল অ্যাপের মাধ্যমে আনরিজার্ভড টিকিট কেটে ভ্রমণ করলে এবার থেকে মানতে হবে নতুন নিয়ম। ডিজিটাল টিকিট ব্যবহারে কড়াকড়ি বাড়িয়েছে ভারতীয় রেল। নতুন নির্দেশিকা অনুযায়ী, অ্যাপে বুক করা আনরিজার্ভড টিকিটের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপে প্রদর্শিত মূল ডিজিটাল টিকিটই বৈধ বলে গণ্য হবে।
রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, টিকিটের স্ক্রিনশট, মোবাইলে সংরক্ষিত ছবি, পিডিএফ ফাইল কিংবা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও মেসেজিং অ্যাপে ফরওয়ার্ড করা কপি ভ্রমণের বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না।
কী কী নিয়ম মানতেই হবে?
নতুন নির্দেশিকা অনুযায়ী
যে মোবাইল ফোন থেকে টিকিট বুক করা হয়েছে, সেই ফোনেই টিকিট দেখাতে হবে।
যাত্রার সময় ওই মোবাইলের সঙ্গে একটি বৈধ ফটো পরিচয়পত্র রাখতে হবে।
আনরিজার্ভড ডিজিটাল টিকিট ট্রেন ছাড়ার আগেই বুক করতে হবে। অর্থাৎ, যে স্টেশন থেকে যাত্রী ট্রেনে উঠবেন, সেই স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর টিকিট কাটলে তা আর বৈধ বলে গণ্য হবে না।
কেন এই সিদ্ধান্ত?
সম্প্রতি এক যাত্রী মূল ডিজিটাল টিকিটের বদলে হোয়াটসঅ্যাপে পাওয়া টিকিটের স্ক্রিনশট দেখান। সেই কারণে তাঁকে জরিমানা করা হয়। এই ঘটনার পর যাত্রীদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে নতুন নির্দেশিকা জারি করেছে দক্ষিণ পূর্ব মধ্য রেল।
রেলওয়ান (RailOne) অ্যাপ থেকে ইস্যু করা আনরিজার্ভড টিকিট শুধুমাত্র সেই মোবাইল ফোনেই বৈধ থাকবে, যেখান থেকে টিকিট বুক করা হয়েছে। অন্য কোনও মাধ্যমে পাঠানো কপি বা স্ক্রিনশট গ্রহণযোগ্য হবে না।
যাত্রীদের মধ্যে প্রশ্ন
রেলের এই নতুন নিয়ম নিয়ে অনেক যাত্রীর মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে পরিবারের একজন সদস্য নিজের মোবাইল থেকে অন্য সদস্যদের জন্য টিকিট বুক করলে সেই ক্ষেত্রে নিয়ম কীভাবে কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। ফলে বিষয়টি নিয়ে যাত্রীদের একাংশের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে।
তবে রেলের বক্তব্য, ডিজিটাল টিকিট ব্যবস্থাকে আরও নিরাপদ ও স্বচ্ছ করতে এবং জাল বা অপব্যবহার রুখতেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।