
সকালের ব্রেকফাস্টে ডিম টোস্ট হোক কিংবা বাচ্চার স্কুলের টিফিনে স্যান্ডউইচ, পাউরুটি ছাড়া জীবন অচল সকলেরই। চটজলদি বানিয়ে ফেলা নানাবিধ পদের ওয়ান স্পট সলিউশন সেই পাউরুটিরই দাম বেড়ে গেল এক ধাক্কায়। হাফ পাউন্ডের দাম এবার কত পড়বে?
কতটা দাম বাড়ল পাউরুটির?
জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে প্রতি পাউন্ডে ৪ টাকা করে দাম বাড়ছে পাউরুটির। হাফ পাউন্ড পাউরুটির দাম ২ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
> আগে ৪০০ গ্রাম স্লাইস পাউরুটি অর্থাৎ এক পাউন্ডের দাম ছিল ৩২ টাকা। যা এবার থেকে কিনতে হবে ৩৬ টাকায়।
> ২০০ গ্রাম অর্থাৎ হাফ পাউন্ড পাউরুটির দাম ছিল ১৬ টাকা। ২ টাকা দাম বেড়ে হয়েছে ১৮ টাকা।
> ১০০ গ্রাম পাউরুটির দাম ৮টাকা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা।
কবে থেকে বাড়বে পাউরুটির দাম?
জানা গিয়েছে, আগামী ১৭ অগাস্ট থেকে পাউরুটির দাম বেড়ে যাবে বাজারে।
কেন দাম বাড়ল পাউরুটির?
জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত এক মাসে কাঁচামালের দাম অনেকটাই বেড়েছে। ময়দা, চিনি, তেল, সবক'টির দাম বৃদ্ধি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, ময়দার দাম প্রতি কেজিতে প্রায় ৬ টাকা বেড়েছে। পাশাপাশি চিনির দাম প্রতি কেজিতে প্রায় ১০ টাকা এবং ভোজ্য তেলের দাম প্রতি কেজিতে প্রায় ৮ টাকা বেড়েছে। একইসঙ্গে প্যাকেজিং সামগ্রীরও দাম বেড়েছে। সে কারণেই পাউরুটির দাম বাড়াতে হয়েছে।
এর আগে পশ্চিমবঙ্গে পাউরুটির দাম বেড়েছিল ২ বছর আগে ২০২৪ সালে। পাউরুটির দাম বৃদ্ধি কেবল আমজনতার পকেটেই নয়, বেকারি শিল্পেও ধাক্কা।