
বাড়ি তৈরি মুখের কথা নয়। ইট, বালি, সিমেন্ট, রড; সব কিছু ঠিকঠাক মাপেই ব্যবহার করতে হয়। কনস্ট্রাকশনের সময় ছোটখাটো ভুল করলেই তা থেকে পরে বড় সমস্যা হতে পারে। আজ ঢালাই ভল রাখার জন্য় এমনই একটি ছোট জিনিসের বিষয়ে জানতে পারবেন। অনেকেই এটিকে তেমন গুরুত্ব দেন না। এর দাম মাত্র কয়েক টাকা। কিন্তু বাড়ির ছাদ, পিলার এবং ভিত তৈরির সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জিনিসটি হল কংক্রিট কভার ব্লক। দেখতে ছোট। দামও খুব কম। সাধারণত ২ থেকে ৪ টাকার মধ্যে পাওয়া যায়। কিন্তু বাড়ি তৈরির সময় এই ছোট ব্লকই রডকে সঠিক জায়গায় ধরে রাখতে সাহায্য করে।
ছাদ বা পিলারের ঢালাইয়ের সময় রড যেন সরাসরি শাটারিং, মাটি বা অন্য কোনও পৃষ্ঠের সঙ্গে লেগে না যায়, তা নিশ্চিত করাই কভার ব্লকের মূল কাজ। রড এবং কংক্রিটের বাইরের অংশের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে এটি ব্যবহার করা হয়। এই দূরত্বকে নির্মাণের ভাষায় ‘ক্লিয়ার কভার’ বলা হয়।
ঢালাইয়ের আগে মূল রডের নীচে কভার ব্লক বসিয়ে দেওয়া হয়। এর ফলে রড নির্দিষ্ট উচ্চতায় থাকে। কংক্রিট ঢালার সময়ও রড সহজে নীচে নেমে যায় না।
শুধু ছাদ নয়। বাড়ির বিভিন্ন অংশের ঢালাইয়ে কভার ব্লক ব্যবহার করা হয়। ছাদ, বিম, পিলার, সিঁড়ি এবং ভিত তৈরির সময় এর প্রয়োজন পড়ে।
তবে সব জায়গায় একই মাপের কভার ব্লক ব্যবহার করা হয় না। নির্মাণের নকশা এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কভার নির্ধারণ করা হয়। তাই কোন অংশে কতটা কভার প্রয়োজন, তা নিজে থেকে ঠিক না করে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়াই নিরাপদ।
কভার ব্লক না দিলে কী হতে পারে?
কভার ব্লক না থাকলে রড সঠিক জায়গায় নাও থাকতে পারে। কোথাও রড কংক্রিটের খুব কাছে চলে আসতে পারে। ফলে রডের উপর প্রয়োজনীয় কংক্রিটের আবরণ কমে যেতে পারে।
এর ফলে রডে আর্দ্রতা পৌঁছে জং ধরার ঝুঁকি বাড়তে পারে। দীর্ঘ সময়ে কংক্রিটের ক্ষয়ও হতে পারে। বাড়ির স্থায়িত্বের উপর তার প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
অনেক সময় কভার ব্লকের বদলে ইটের টুকরো, পাথর বা গিট্টি ব্যবহার করতে দেখা যায়। কিন্তু এগুলি সব সময় একই মাপের হয় না। ঢালাইয়ের সময় নড়েও যেতে পারে। ফলে রডের পজিশনও বদলে যেতে পারে।