Advertisement

Train Ticket: একটা কনফার্ম টিকিটেই ট্রেনে উঠতে পারবেন ৬ জন? রেলের এই নিয়ম জানেন না অনেকেই

একটি PNR-এ একাধিক যাত্রীর মধ্যে যদি একজনের টিকিট কনফার্ম থাকে এবং বাকিদের টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তাহলেও সবাই একসঙ্গে ট্রেনে ভ্রমণ করতে পারবেন। সত্যিটা কী?

একটা কনফার্মড টিকিটে কতজন উঠতে পারবেন?একটা কনফার্মড টিকিটে কতজন উঠতে পারবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jun 2026,
  • अपडेटेड 5:20 PM IST
  • একাধিক যাত্রীর মধ্যে যদি একজনের টিকিট কনফার্ম
  • সেই একই PNR-এ ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা ভ্রমণ করতে পারেন?
  • জেনে নিন রেলের আসল নিয়মটা

একজন TTE-র ভাইরাল ভিডিও ঘিরে রেলযাত্রীদের মধ্যে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে, একটি PNR-এ একাধিক যাত্রীর মধ্যে যদি একজনের টিকিট কনফার্ম থাকে এবং বাকিদের টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তাহলেও সবাই একসঙ্গে ট্রেনে ভ্রমণ করতে পারবেন। সত্যিটা কী?

ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে TTE জিতেন্দ্র মিশ্র দাবি করেন, একই PNR-এ থাকা ওয়েটিং লিস্টের যাত্রীরাও কনফার্ম টিকিটধারীর সঙ্গে ট্রেনে উঠতে পারেন। পাশাপাশি তিনি জানান, চাইলে ওয়েটিং টিকিট আংশিকভাবে বাতিল করে সেই টিকিটের টাকা ফেরতও পাওয়া যেতে পারে।

তবে ভারতীয় রেলের প্ল্যাটফর্ম ‘রেল মদদ’-এর মাধ্যমে পাওয়া তথ্য সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরেছে। ১৩৯ হেল্পলাইনের এক রেলকর্মী জানিয়েছেন, শুধুমাত্র যাত্রীর নিজের টিকিট কনফার্ম থাকলেই তিনি ভ্রমণের অধিকার পান। একই PNR-এ অন্য কারও টিকিট কনফার্ম থাকলেই ওয়েটিংয়ে থাকা যাত্রীদের ভ্রমণের অনুমতি মেলে না।

রেলের নিয়ম অনুযায়ী, কোনও ওয়েটিং লিস্টের যাত্রী কনফার্ম টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করলে তাঁকে বৈধ টিকিটবিহীন যাত্রী হিসেবে গণ্য করা হতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়া ও জরিমানাও দিতে হতে পারে।

সাধারণ সংরক্ষণ ব্যবস্থায় একটি PNR-এ সর্বাধিক ৬ জন এবং তৎকাল বুকিংয়ে ৪ জন পর্যন্ত যাত্রী যেতে পারেন। অনেক সময় দেখা যায়, একই PNR-এ কয়েকজনের টিকিট কনফার্ম হলেও বাকিদের টিকিট ওয়েটিংয়ে থেকে যায়। এই পরিস্থিতিকেই বলা হয় ‘পার্শিয়ালি কনফার্মড টিকিট’। কিন্তু রেলের নিয়মে শুধুমাত্র কনফার্ম টিকিট যাঁদের আছে তাঁদেরই যাত্রা নিশ্চিত হয়।

রেল বিশেষজ্ঞদের মতে, বাস্তবে অনেক সময় TTE পরিস্থিতি অনুযায়ী, RAC ও অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত যাত্রীদের ব্যবস্থা করার পর যদি আসন খালি থাকে, তাহলে পরিবারের অন্য ওয়েটিংয়ে থাকা সদস্যদের ভ্রমণের অনুমতি দিতে পারেন। তবে এটি সম্পূর্ণ TTE-র প্রশাসনিক বিবেচনার বিষয়, কোনও যাত্রীর আইনগত অধিকার নয়।

এছাড়াও, ওয়েটিং টিকিট বাতিল করে টাকা ফেরত নেওয়ার পর সেই টিকিট ব্যবহার করে ভ্রমণ করা যাবে না। একইভাবে, যদি একটি PNR-এ সকল যাত্রীর টিকিটই ওয়েটিংয়ে থেকে যায় এবং কোনও টিকিট কনফার্ম না হয়, তাহলে রেলের নিয়ম অনুযায়ী সাধারণত সেই বুকিংয়ে ভ্রমণের অনুমতি থাকে না।

Advertisement

বিশেষজ্ঞদের পরামর্শ, ট্রেনে যাত্রার পরিকল্পনা করার সময় সোশ্যাল মিডিয়ার ভাইরাল দাবি নয়, বরং ভারতীয় রেলের সরকারি নিয়মকেই গুরুত্ব দেওয়া উচিত। কারণ কনফার্ম টিকিট শুধুমাত্র সেই যাত্রীরই ভ্রমণের অধিকার নিশ্চিত করে, অন্য কারও নয়।

 

Read more!
Advertisement
Advertisement