
১০ অক্টোবর, শনিবার রাজধানী দিল্লিতে যন্তর মন্তর অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। এরফলে দিল্লি অবরুদ্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে শুক্রবার বড় ঘোষণা করল রেল। CJP-র আন্দোলনের কথা উল্লেখ না করেই, যানজটের আশঙ্কার কথা জানিয়ে নয়াদিল্লি এবং হজরত নিজামুদ্দিন রেল স্টেশনে পৌঁছানোর নির্ধারিত বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার নির্দেশ দিল ভারতীয় রেল। ১০ অক্টোবর, আগামীকাল ভোর ৪ টে থেকে দুপুর ২টো পর্যন্ত এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।
শুক্রবার রেলের তরফে জারি করা নোটিশে বলা হয়েছে, শুক্রবার দুপুর ২টোর পর উৎস স্টেশন থেকে ছেড়ে যাওয়া এবং শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি বা হযরত নিজামউদ্দিনে পৌঁছানোর নির্ধারিত বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন উৎসস্থলেই বাতিল করা হবে।
এই নির্দেশের পরেই পূর্ব রেলের পক্ষ থেকেও বড় ঘোষণা করা হয়। শুক্রবার বাতিল করা হল হাওড়া থেকে ছাড়া 12301 হাওড়া- নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনটি আজ বিকেল ৪টে বেজে ৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে আগামীকাল সকাল ১০টা বেজে ৫ মিনিটে নিউ দিল্লি স্টেশনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু রেল সেই ট্রেনটি বাতিল করেছে।
আবার একই ভাবে 12313 শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসও শুক্রবার বাতিল করা হয়েছে। এই ট্রেনটি আজ বিকেল ৪টে বেজে ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে আগামীকাল সকাল ১০টা বেজে ৫০ মিনিটে নিউ দিল্লি স্টেশনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু রেল এই ট্রেনটিও বাতিল করেছে। যাত্রীদের এমন আকস্মিক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে।
রেলের তরফে কোনও আন্দোলনের কথা উল্লেখ করা না হলেও, আগামীকালই রয়েছে CJP-র আন্দোলন এবং তাও হবে দিল্লিতেই। ফলে দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন রেলযাত্রীরা। তবে শুধুমাত্র এক্সপ্রেস ট্রেন বাতিল নয়। আগামীকালের পরিস্থিতি বিবেচনা করে দিল্লি মেট্রোও একাধিক পদক্ষেপ নিচ্ছে বলে জানা গিয়েছে।