
Renault Kwid vs Alto K10: ভারতীয় মধ্যবিত্তের কাছে গাড়ি কেনা এখনও একটা স্ট্যাটাস সিম্বল। সেই কারণেই এন্ট্রি-লেভেল হ্যাচব্যাক সেগমেন্টে প্রায় সব কোম্পানিই এত জোর দেয়। এই সেগমেন্টে মারুতি সুজুকি এবং রেনোঁ-র লড়াই দীর্ঘদিনের। সম্প্রতি ফরাসি গাড়ি প্রস্তুতকারক সংস্থা রেনোঁ (Renault) তাদের জনপ্রিয় কুইড (Kwid)-এর নতুন লোগো এবং ভ্যারিয়েন্ট লাইন এনেছে। তাদের মূল কম্পিটিশন একটাই মডেলের সঙ্গে, মারুতি অল্টো K10 (Maruti Suzuki Alto K10)। দু'টি গাড়িই একই ধরনের ক্রেতাদের টার্গেট করলেও, এদের ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রথমবার গাড়ি কেনার ক্ষেত্রে আপনার জন্য কোনটি বেটার হবে?
ডিজাইন ও লুক: SUV-র ফিল vs সিমপ্লিসিটি
রাস্তায় বেরোলে রেনোঁ কুইড চট করে নজর কাড়ে। স্প্লিট হেডল্যাম্প, চারপাশের চঙ্কি বডি ক্ল্যাডিং এবং ১৮৪ মিলিমিটারের দুর্দান্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িটিকে একটি ছোটখাটো এসইউভি (SUV)-র মতো লুক দেয়। বিশেষ করে এর ‘ক্লাইম্বার’ (Climber) ভ্যারিয়েন্টের ডুয়াল-টোন ডিটেলিং তরুণ প্রজন্মের বেশি পছন্দ হবে।
অন্য দিকে, মারুতি অল্টো K10 সম্পূর্ণ সরল ও সাধারণ। এক কথায় সিম্পল। বেশ চেনা ছকের। তবে পুরনো অল্টো ৮০০-র তুলনায় বর্তমানের K10 মডেলটি আকারে বড়। যাঁরা একটু শান্ত ও সাধারণ ডিজাইন পছন্দ করেন, তাঁদের অল্টো ভাল লাগবে। কিন্তু লুক ও স্টাইল স্টেটমেন্টের দিক থেকে কুইড অনেকটাই এগিয়ে।
কেবিন স্পেস ও ফিচার্স
ফিচারের দিক থেকে কুইডের কেবিন বেশ আধুনিক। এতে রয়েছে একটি ৮ ইঞ্চির বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম (Apple CarPlay এবং Android Auto যুক্ত), ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং রিভার্স পার্কিং ক্যামেরা।
অল্টো K10-এর ড্যাশবোর্ড বেশ গোছানো এবং এর ৭ ইঞ্চির স্মার্টপ্লে টাচস্ক্রিনটি বেশ রেসপনসিভ। এতে স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল থাকলেও রিভার্স ক্যামেরার মতো জরুরি ফিচার মিসিং। তবে অল্টো আসল বাজি মারে ভেতরের স্পেসে। অল্টোর পেছনের সিটে লেগরুম এবং থাই-সাপোর্ট কুইডের চেয়ে অনেক ভালো, যা দূরপাল্লার সফরে আরামদায়ক। বুট স্পেস বা ডিকির ক্ষেত্রে আবার কুইড (২৭৯ লিটার) অল্টোর (২১৪ লিটার) চেয়ে এগিয়ে।
পারফরম্যান্স ও সেফটি
দুটি গাড়িতেই ১.০ লিটারের ৩-সিলিন্ডার পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ৫-স্পিড ম্যানুয়াল এবং এএমটি (AMT) গিয়ারবক্সের সঙ্গে আসে। তবে মারুতির কে-সিরিজ (K-Series) ইঞ্জিনটি রিফাইনমেন্ট এবং পারফরম্যান্সের দিক থেকে রেনোঁর চেয়ে অনেক বেশি ক্ষিপ্র ও মসৃণ। অল্টোর ৬৬.৬ বিএইচপি ইঞ্জিন শহরের ট্রাফিকে খুব চটজলদি পিক-আপ দেয় এবং এর এএমটি গিয়ারবক্সের শিফটিং অনেক বেশি স্মুথ।
নিরাপত্তার ক্ষেত্রে মারুতি বড় চমক দিয়েছে। অল্টো K10-এর সব ভ্যারিয়েন্টেই এখন স্ট্যান্ডার্ড হিসেবে ৬টি এয়ারব্যাগ, এবিএস (ABS with EBD) এবং ইএসপি (ESP) দেওয়া হচ্ছে। অন্য দিকে, রেনোঁ কুইডের বেস মডেলে ২টি এয়ারব্যাগ মিললেও, ৬টি এয়ারব্যাগের সুবিধা পেতে আপনাকে কেবল টপ-স্পেক ক্লাইম্বার ভ্যারিয়েন্টটিই কিনতে হবে।
দাম
মারুতি অল্টো K10-এর বেস মডেলের দাম কম। এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩.৭০ লক্ষ টাকা থেকে (ভ্যারিয়েন্ট ভেদে ৫.৪৫ লক্ষ টাকা পর্যন্ত যায়)। ফলে যাঁদের বাজেট একদম টানটান, তাঁদের প্রথম পছন্দ অল্টো। অন্য দিকে, আপডেটেড রেনোঁ কুইডের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.৫২ লক্ষ টাকা থেকে। তবে রেনোঁর অনলাইন প্ল্যাটফর্মে ক্যাশ বেনিফিট সহ টপ-মডেল ক্লাইম্বার প্রায় ৪.৯৯ লক্ষ টাকার মধ্যেই পাবেন।
কোনটা নেবেন?
আপনি যদি মডার্ন লুক, এসইউভি স্টাইল এবং বেশি ফিচার চান, তবে রেনোঁ কুইড আপনার জন্য বেস্ট। কিন্তু আপনি যদি স্মুদ ইঞ্জিন, বেশি কেবিন স্পেস, শহরে আরামদায়ক ড্রাইভ এবং স্ট্যান্ডার্ড ৬টি এয়ারব্যাগের সেফটি চান, তবে মারুতি অল্টো K10-ই বেটার অপশন।